Spam Calls

বাড়ছে প্রতারণা, ভুয়ো কলে বিশ্বে পাঁচ নম্বরে ভারত, দাবি সমীক্ষায়

বিশ্ব জুড়ে নিজেদের ৫০ কোটি গ্রাহককে নিয়ে এই সমীক্ষা চালিয়েছিল অজানা টেলিফোন নম্বর সনাক্তকারী এবং ভুয়ো নম্বর নির্ধারণকারী অ্যাপ ট্রুকলার। রিপোর্টে তারা বলেছে, গত বছর অর্থাৎ ২০২৫-এ ৬৮০০ কোটি ভুয়ো এবং প্রতারণামূলক কল চিহ্নিত করেছে তারা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ০৮:৪৭

— প্রতীকী চিত্র।

দেশে ডিজিটাল লেনদেন যত বাড়ছে, তত বেশি মাথা তুলছে প্রযুক্তি নির্ভর প্রতারণা। এতটাই যে, ঠাঁই হয়েছে এই নিরিখে প্রথম সারির পাঁচটি দেশের তালিকায়। সমীক্ষায় প্রকাশ, ভারত বিশ্বের পঞ্চম দেশ যেখানে সবচেয়ে বেশি ভুয়ো এবং অবাঞ্ছিত কলের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। প্রথম চারটি দেশ হল ইন্দোনেশিয়া, চিলি, ভিয়েতনাম এবং ব্রাজ়িল।

বিশ্ব জুড়ে নিজেদের ৫০ কোটি গ্রাহককে নিয়ে এই সমীক্ষা চালিয়েছিল অজানা টেলিফোন নম্বর সনাক্তকারী এবং ভুয়ো নম্বর নির্ধারণকারী অ্যাপ ট্রুকলার। রিপোর্টে তারা বলেছে, গত বছর অর্থাৎ ২০২৫-এ ৬৮০০ কোটি ভুয়ো এবং প্রতারণামূলক কল চিহ্নিত করেছে তারা। আর ভারতে প্রায় ৬৬% গ্রাহকের ফোনেই এই ধরনের কল আসে। সব মিলিয়ে ৩৬% কল আসে বিক্রি এবং বিপণনের লক্ষ্যে। আর্থিক পরিষেবা সংস্থাগুলির থেকে ফোন পান ১৮% এবং জালিয়াতির কল ১২%।

উল্লেখ্য, জালিয়াতি এবং অবাঞ্ছিত ফোন কল রুখতে ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা নিয়েছে টেলিকম নিয়ন্ত্রক ট্রাই এবং কেন্দ্রীয় টেলিকম দফতর। সংস্থাগুলিও নানা রকম পদক্ষেপ করেছে। তবে ট্রুকলারের ভুয়ো কলের তালিকায় থাকা প্রথম পাঁচটি দেশই উন্নয়নশীল হওয়ায় উঠেছে প্রশ্ন। সংশ্লিষ্ট মহলের দাবি, উন্নতির পথে এগোতে এই ধরনের বিষয়গুলিতে সাধারণ মানুষের সচেতনা আরও বাড়ানো জরুরি।

আরও পড়ুন