AI curriculum in Bengali Language

বাংলা ভাষায় কৃত্রিম মেধার স্নাতক কোর্স পড়াবে খড়গপুর আইআইটি, জানালেন অধিকর্তা

মঙ্গলবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর উপস্থিতিতেই অধিকর্তা জানান, এ দিনের অনুষ্ঠানে যে চারটি বিষয়ে আলোচনা হবে, তার সারাংশ লিখিত আকারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে পাঠানো হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৯
Suman Chakraborty

আইআইটি খড়্গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী। নিজস্ব চিত্র।

চলতি শিক্ষাবর্ষ থেকেই বাংলা ভাষায় কৃত্রিম মেধা নিয়ে ব্যাচেলর অফ সায়েন্স কোর্স চালু করতে চায় খড়গপুর আইআইটি। দ্রুত বিষয়টি সেনেটে প্রস্তাব করা হবে। মঙ্গলবার নিউটাউনে খড়গপুর আইআইটি রিসার্চ পার্কে প্রতিষ্ঠানের ৭৫ বছর উদ্‌যাপন অনুষ্ঠানের পরে এ কথা জানান আইআইটির অধিকর্তা সুমন চক্রবর্তী।

Advertisement

এ দিন অধিকর্তা জানান, নতুন শিক্ষানীতিতে মাতৃভাষায় শিক্ষার উপরে জোর দেওয়া হয়েছে। সে কথা মাথায় রেখেই সিদ্ধান্ত হয়েছে। কোর্সটি অনলাইন, পঠনপঠন সম্পূর্ণ বাংলায় হবে বলেই জানান তিনি। সেনেট-এ পাশ হলে চলতি শিক্ষাবর্ষ থেকেই কোর্স চালু হবে বলে জানান তিনি।

মঙ্গলবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর উপস্থিতিতেই অধিকর্তা জানান, এ দিনের অনুষ্ঠানে যে চারটি বিষয়ে আলোচনা হবে, তার সারাংশ লিখিত আকারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে পাঠানো হবে। প্রথাগত এবং আধুনিক শিক্ষার মিশেলে একটি মনোগ্রাহী শিক্ষা পদ্ধতি তৈরি করা গেলে পড়ুয়াদের কাছে সেটা অনেক বেশি গ্রহণযোগ্য এবং আকর্ষণীয় হবে। এর পাশাপাশি তাঁর বক্তব্য, প্রযুক্তির অপব্যবহার না করে সেটা কী ভাবে সমাজের কাজে ব্যবহার করা যায় এবং সুনাগরিক হয় ওঠা যায়— সে শিক্ষাও দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন