গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
প্রশ্নপত্রে কিউআর কোড স্ক্যান করলে গানের ভিডিয়ো দেখা যাচ্ছে, ৯ মার্চ সিবিএসই-র দ্বাদশের গণিতের পরীক্ষার পর এমন অভিযোগ করেছিল পড়ুয়ারা। সমাজমাধ্যমেও ওই প্রশ্নপত্রের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই। বিতর্কের জেরে সিবিএসই মঙ্গলবার জানায়, পরীক্ষায় সঠিক প্রশ্নপত্রই দেওয়া হয়েছিল।
বোর্ডের পরীক্ষা নিয়ামক সান্যম ভরদ্বাজ জানিয়েছেন, ভবিষ্যতে প্রশ্নপত্র নিয়ে এই ধরনের সমস্যা না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। পড়ুয়া এবং অভিভাবকদের আশ্বস্ত করে বোর্ডের তরফে এ-ও জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু সেটের প্রশ্নপত্রের ক্ষেত্রে ভিডিয়ো লিঙ্ক পাওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে যথাযোগ্য ব্যবস্থাও নেওয়া হবে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লি ও পার্শ্ববর্তী এলাকার কিছু পরীক্ষাকেন্দ্রে যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল, তার কিউআর কোড স্ক্যান করার পর প্রশ্ন সংক্রান্ত তথ্যের বদলে একটি গানের ভিডিয়ো দেখা যাচ্ছিল। এর পরই ওই প্রশ্নপত্রের ছবি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ে।
অন্য দিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে বিজ্ঞপ্তি জারি করে ১২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত দ্বাদশের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। বাহরাইন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে যে সমস্ত পরীক্ষা হওয়ার কথা ছিল, তা আপাতত হচ্ছে না। পরে পরীক্ষা নেওয়া হবে কিনা, তা জানিয়ে দেবে বোর্ড।