ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), বোম্বে। ছবি: সংগৃহীত।
ডিজ়াইন নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), বোম্বে। ইন্ডাস্ট্রিয়াল, কমিউনিকেশন, অ্যানিমেশন, ইন্টার্যাকশন এবং মোবিলিটি অ্যান্ড ভেহিকল ডিজ়াইন নিয়ে মাস্টার অফ ডিজ়াইন (এমডেজ়) করতে পারবেন আগ্রহীরা। মোট আসন ৬৮টি।
যাঁরা ওই বিষয়ে পড়াশোনা করতে চান, তাঁদের ইঞ্জিনিয়ারিং, ডিজ়াইন, আর্কিটেকচার শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন। এ ছাড়াও স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার জন্য পড়ুয়াদের কমন এন্ট্রানস্ এগ্জ়ামিনেশন ফর ডিজ়াইন (সিইইডি) উত্তীর্ণ হতেই হবে। সংশ্লিষ্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করবে আইআইটি, বোম্বে। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
বোম্বে আইআইটি-র তরফে জানানো হয়েছে, প্রবেশিকার স্কোর এবং আবেদনপত্র খতিয়ে দেখার পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের সুযোগ পাবেন মোট ৪৭৬ জন। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার জন্য ৩০০ টাকা ফি হিসাবে ধার্য করা হয়েছে।
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার জন্য ১১ মার্চ থেকে পোর্টাল চালু করা হবে। আবেদনের শেষ দিন ২৬ মার্চ। লিখিত পরীক্ষার জন্য ৮ মে বোম্বে আইআইটি ক্যাম্পাসে প্রার্থীদের আসতে হবে। ৯ এবং ১০ মে ইন্টারভিউ হতে চলেছে। জুনের পর শুরু হবে ক্লাস।