প্রতীকী চিত্র।
দেশের বিভিন্ন কেন্দ্রীয় আইন প্রতিষ্ঠানে কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) ২০২৬-র মাধ্যমে আসন বণ্টনের ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার কনসর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটিজ়-এর তরফে আইনের স্নাতকোত্তরের পরীক্ষার্থীদের জন্য এই মেধাতালিকা প্রকাশ করা হয়। একই সঙ্গে ন্যাশনাল ল ইউনিভার্সিটি (এনএলইউ)-গুলিতে ভর্তির ‘কাট অফ’ও জানানো হয়েছে।
ক্ল্যাট পিজি-র তৃতীয় দফার কাউন্সেলিংয়ের মাধ্যমে মেধাতালিকায় থাকা পরীক্ষার্থীরাই জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। যাঁদের নাম তালিকায় রয়েছে, তাঁরা বরাদ্দ আসনে ভর্তি হবেন কি না, সেই অনুযায়ী বিকল্প বেছে নিতে পারবেন। যাঁরা নির্ধারিত আসনে ভর্তি হবেন, তাঁদের কনসর্টিয়ামের ওয়েবসাইটে গিয়ে সেই আসন ‘ফ্রিজ়’ করতে হবে। যাঁরা বরাদ্দ আসনে ভর্তি হয়েও পরবর্তী রাউন্ডে যোগ দিতে চান, তাঁদের বেছে নিতে হবে ‘ফ্লোট’ বিকল্প। আবার, যাঁরা আর বরাদ্দ আসন ছেড়ে দিয়ে কাউন্সেলিংয়ে আর যোগ দিতে চান না, তাঁদের ‘এগজ়িট’ বিকল্প বেছে নিতে হবে। এ জন্য ১২ ফেব্রুয়ারির মধ্যে সমগ্র প্রক্রিয়া শেষ করতে হবে পরীক্ষার্থীদের।
পরবর্তী রাউন্ড অর্থাৎ চতুর্থ রাউন্ডের কাউন্সেলিংয়ের মাধ্যমে বরাদ্দ আসনের তালিকা প্রকাশ করা হবে ২ মে। বরাদ্দ আসনে ভর্তি প্রক্রিয়া শেষ হবে ৮ মে-র মধ্যে। পঞ্চম রাউন্ডের বরাদ্দ আসনের ফল ঘোষণা ১৫ মে। ভর্তি প্রক্রিয়া শেষ হবে ২০ মে-র মধ্যে। বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির টাকা জমা দিতে হবে ৩০ মে-র মধ্যে।
উল্লেখ্য, ক্ল্যাট পিজি-র কাউন্সেলিংয়ের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণরা দেশের ২৫টি এনএলইউ-তে ভর্তির সুযোগ পাবেন। পড়তে পারবেন আইনের স্নাতকোত্তর বা এলএলএম কোর্স।