আইসিএসএসআর। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)-এ কর্মখালি। সম্প্রতি এমন ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে একাধিক প্রশাসনিক পদে চাকরির সুযোগ রয়েছে।
নয়া দিল্লিতে প্রতিষ্ঠানের সদর দফতরে কর্মী প্রয়োজন। নিয়োগ হবে ডিরেক্টর (রিসার্চ), ডেপুটি ডিরেক্টর (রিসার্চ), সিস্টেমস অ্যানালিস্ট কাম সিনিয়র প্রোগ্রামার, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টস এবং আপার ডিভিশন ক্লার্ক পদে। মোট শূন্যপদ ১৬টি।
বিভিন্ন পদে কর্মীদের পদোন্নতি বা ‘ডেপুটেশন’-এর ভিত্তিতে নিয়োগ হবে। প্রথম তিন মাস তাঁদের ডেপুটেশন-এ রাখা হবে। তবে মেয়াদ পরবর্তীকালে বাড়তে পারে। পদের ভিত্তিতে নিযুক্তদের বেতনকাঠামো হবে মাসে ২৫,৫০০-৮১,১০০ টাকা থেকে ৭৮,৮০০-২,০৯,২০০ টাকা।
আবেদনকারীদের বিভিন্ন রাজ্য বা কেন্দ্রীয় সরকারি সংস্থা বা বিশ্ববিদ্যালয়ে কর্মরত আধিকারিক হতে হবে।
প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আগামী ১০ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে নিয়োগ হবে।