Upper Primary Recruitment

সামনেই বিধানসভা ভোট, কবে হবে উচ্চ প্রাথমিকের বাকি নিয়োগ, আশঙ্কায় ১২০০-র বেশি চাকরিপ্রার্থী

উচ্চ প্রাথমিকের আট দফায় ১২,৭২৩ জনের কাউন্সেলিং হয়েছে। বাকি রয়েছে ১,২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং। প্রায় দেড় বছর হতে চলল এই প্রক্রিয়া চলছে উচ্চ প্রাথমিকের।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ম্যাচিং ভ্যাকেন্সি না পাওয়ায় উচ্চ প্রাথমিকের ১,২৪১ জন প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া এখন‌ও থমকে। গত ৩০ শে জানুয়ারি কলকাতা হাইকোর্ট রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে দু’ সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে। তারপরেও এখন‌ও পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনে(এসএসসি)-র কাছে নিয়োগের জন্য শিক্ষা দফতর কোন‌ও শূন্য পদ পাঠায়নি। তার ফলে শেষ পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছে না এসএসসি।

Advertisement

উচ্চ প্রাথমিকের আট দফায় ১২,৭২৩ জনের কাউন্সেলিং হয়েছে। বাকি রয়েছে ১,২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং। প্রায় দেড় বছর হতে চলল এই প্রক্রিয়া চলছে উচ্চ প্রাথমিকের। চাকরিপ্রার্থীদের প্রশ্ন, বাকি ১,২৪১ জনের কাউন্সেলিং কবে হবে? তাঁদের প্রশ্ন, হাই কোর্টের নির্দেশের পরেও কেন বাকি ১,২৪১ জনের কাউন্সেলিং শুরু হচ্ছে না?

পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, ‘‘১৪,০৫২ জনের মূল রায়দান কার্যকর করতে আদালত অবমাননা মামলার নির্দেশ দেওয়া হয়েছিল। ১,২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং ২০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। আবার ৩০শে জানুয়ারি শুনানি পর্বে অ্যাডভোকেট জেনারেলকে দু’সপ্তাহের মধ্যে সমাধান করতে বলা হয়েছে। সামনে ভোট। আর কত অপেক্ষা করব আমরা? শিক্ষা দফতরের তরফে অবিলম্বে কমিশনের অফিসে ম্যাচিং ভ্যাকেন্সি পাঠিয়ে বিজ্ঞপ্তি জারি করা হোক।”

উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, ২০২৪-এর ২৮ অগস্ট হাই কোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল, মেধা তালিকায় থাকা ১৪,০৫২ জনের নিয়োগ নিশ্চিত করতে হবে। তার পরে সেই রায় মেনে আট দফায় ১২,৭২৩ জনের কাউন্সেলিং করেছে এসএসসি। শেষ অষ্টম কাউন্সেলিং হয় ১ অগস্ট ২০২৫। এই মামলার পরবর্তী শুনানি ২৪ শে ফেব্রুয়ারি ২০২৬-এ।

Advertisement
আরও পড়ুন