— প্রতিনিধিত্বমূলক চিত্র।
উচ্চশিক্ষা ক্ষেত্রে পঠনপাঠনের সঙ্গে গবেষণামূলক বিষয় বেছে নেওয়ার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে গবেষণাগারে কী ভাবে কাজ করতে হবে, কোন কোন সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, সে জন্য তাঁদের বিশেষ ভাবে দক্ষ হয়ে ওঠা প্রয়োজন। এই বিষয়ে দক্ষতা বৃদ্ধি করতে যাদবপুরের রাষ্ট্রায়ত্ত সংস্থা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি-র তরফে ওই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিষ্ঠানের সিএসআইআর-ইন্টিগ্রেটেড স্কিল ইনিশিয়েটিভ প্রোগ্রামের অধীনে অ্যাডভান্সড বায়োইনফরমেটিক্স, রিয়্যাল টাইম আরটি-পিসিআর, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফ্লো সাইটোমেট্রি, অপটিক্যাল মাইক্রোস্কপি, ক্রিস্টালোগ্রাফি, স্পেকট্রোস্কোপি-সহ একাধিক বিষয়ে পড়ানো হবে।
ক্লাসের সঙ্গেই চলবে হাতে কলমে প্রশিক্ষণ। প্রতিষ্ঠানের গবেষণাগারে বিশেষজ্ঞেরা ওই প্রশিক্ষণ দেবেন। এ ছাড়াও ছোট ছোট দলে ভাগ করে পড়ুয়াদের যাবতীয় প্রশ্নের উত্তরগুলি নিয়েও আলোচনা চলবে। এই প্রশিক্ষণটি কেমিক্যাল এবং বায়োলজিক্যাল সায়েন্সেস বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তরেরা নিতে পারবেন।
প্রশিক্ষণের পাশাপাশি, পড়ুয়ারা মূল্যায়নের জন্য পরীক্ষা দেওয়ারও সুযোগ পাবেন। প্রতিটি বিষয়ের জন্য মোট দু’সপ্তাহের জন্য ক্লাস করানো হবে। তবে ‘রিয়্যাল টাইম আরটি-পিসিআর’ কোর্সটি এক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। ৮ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ক্লাস নেওয়া হবে। কোর্সের ভিত্তিতে ৫,০০০-৬,০০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে।
আগ্রহীরা ১৭ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত প্রশিক্ষণের জন্য আবেদন জানানোর সুযোগ পাবেন। বাছাই করা প্রার্থীরা ১৯ মে থেকে ২৮ মে-এর মধ্যে প্রশিক্ষণের ফি জমা দেওয়া সুযোগ পাবেন। এই বিষয়ে আরও তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।