Three Language Policy

সপ্তম থেকে নবমে এখনই বাধ্যতামূলক নয় তৃতীয় ভাষার পঠনপাঠন! নয়া বিধির ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী, প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুলপড়ুয়াদের তিনটি করে ভাষা শেখাতে হবে বাধ্যতামূলক ভাবে। সেই নিয়ম কী ভাবে লাগু করা হবে, তা ব্যাখ্যা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১১:৪০

ছবি: সংগৃহীত।

জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী, পড়ুয়াদের স্থানীয় সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল করতে তিনটি করে ভাষা শেখা বাধ্যতামূলক। এ ক্ষেত্রে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) অধীনস্থ স্কুলে এই নিয়ম চালু হতে চলেছে ১ জুলাই থেকে। তবে, যারা ইতিমধ্যেই দু’টি বিদেশি ভাষা সপ্তম কিংবা অষ্টম শ্রেণিতে বেছে নিয়েছে, তাদের আপাতত ওই বিষয় পরিবর্তন করতে হবে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ১ জুলাই থেকে ষষ্ঠ শ্রেণি থেকে ওই নিয়ম চালু করা হবে।

Advertisement

জাতীয় স্তরের একটি সংবাদমাধ্যমকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, “পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি শিক্ষাবর্ষে পুরোনো নিয়মে যে সকল পড়ুয়া দু’টি বিদেশি ভাষা ইতিমধ্যেই বেছে নিয়েছেন, তারা দশমের পরীক্ষা হওয়া পর্যন্ত ওই বিষয় নিয়েই চর্চার সুযোগ পাবে।”

সংবাদমাধ্যম সূত্রে খবর, আপাতত ষষ্ঠ শ্রেণি থেকে তিনটি ভাষা শেখার নিয়ম চালু করা হবে। তাতে দু’টি ভারতীয় ভাষা এবং একটি বিদেশি ভাষা শিখে নিতে পারবে পড়ুয়ারা। অর্থাৎ, এই ষষ্ঠ শ্রেণির পড়ুয়ারাই তিনটি ভাষার মডেলে শুরু থেকে পড়াশোনা করবে। এই তিনটি ভাষার বিভাগকে আর-১, আর-২ এবং আর-৩ বলা হয়েছে। আর-১ এবং আর-২ বিভাগে দু’টি ভারতীয় ভাষা পড়ানো হবে। আর-৩ বিভাগে কোনও বিদেশি ভাষা পড়ার সুযোগ মিলবে।

জানা গিয়েছে, চলতি শিক্ষাবর্ষে সপ্তম থেকে দশমের পড়ুয়াদের বিদেশি ভাষা নিয়ে পঠনপাঠন সংক্রান্ত বিষয়ে দ্রুতই নির্দেশিকা জারি করতে চলেছে সিবিএসই। তবে, অনেক স্কুলেই ভারতীয় ভাষার পর্যাপ্ত যোগ্য শিক্ষক নেই। এ ক্ষেত্রে এই সমস্যার সমাধান কী ভাবে সম্ভব? জবাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এই চ্যালেঞ্জের মোকাবিলা সিবিএসই-কেই করতে হবে।

সিবিএসই-র তরফে এর আগে জানানো হয়েছিল, দু’টি দেশীয় ভাষা পড়লেও, ইংরেজির পাশাপাশি আরও একটি বিদেশি ভাষা বেছে নেওয়ার সুযোগ পাবে পড়ুয়ারা। এ ক্ষেত্রে তা চতুর্থ ভাষা হিসাবে গণ্য হবে। বোর্ড নির্ধারিত তালিকায় ভারতীয় ভাষার মধ্যে রয়েছে বাংলা, তামিল, তেলুগু, মলয়ালম, কন্নড়, গুজরাতি। বিদেশি ভাষার বিভাগেই ইংরেজিকে রাখা হয়েছে।

মে মাসে এই বিধির বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছিল বোর্ড। তাতে বলা হয়েছিল, ১ জুলাই থেকে নবম এবং দশম শ্রেণির পড়ুয়াদের তিনটি ভাষাই পড়তে হবে। এ ক্ষেত্রে তারা ষষ্ঠ শ্রেণির বই পড়তে পারবে। কারণ ব্যাকরণ, লেখালিখি বা সাহিত্য পাঠের পাঠ্যক্রম প্রায় একই। তবে, আপাতত এই নিয়ম সব শ্রেণির ক্ষেত্রে প্রযোজ্য নয়, তা স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

Advertisement
আরও পড়ুন