CUET UG 2026

ইদের দিনে কুয়েট ইউজি! এনটিএ-র কাছে পরীক্ষা পিছনোর আর্জি জানাল এসআইও ইন্ডিয়া

ছুটির দিনে পরীক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার (এসআইও ইন্ডিয়া) তরফে ইতিমধ্যেই এনটিএ-র কাছে ২৮ মে-র পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৫:২৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চলতি বছরের স্নাতক স্তরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (কুয়েট) চলছে। পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশের পরই উদ্বেগে পড়ুয়ারা। কারণ, ২৮ মে-ও রয়েছে পরীক্ষা। আর ওই দিন ইদ-উল-আযহা। ছুটির দিনে পরীক্ষা নিয়ে উঠছে প্রশ্ন।

Advertisement

স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার (এসআইও ইন্ডিয়া) তরফে ইতিমধ্যেই এনটিএ-র কাছে ২৮ মে-র পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। আবেদনের সারমর্ম এসআইও ইন্ডিয়া তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে। তাদের দাবি, ওই সময় দেশের বিভিন্ন জায়গায় কুরবানির ইদ উদ্‌যাপিত হওয়ার কথা, ফলে পরীক্ষার সঙ্গে উৎসবের সময়সূচি মিলে যাওয়ায় সমস্যায় পড়তে পারেন পরীক্ষার্থীরা।

বিবৃতিতে সংগঠন জানিয়েছে, গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবের দিনে পরীক্ষা নেওয়া হলে পরীক্ষার্থীদের যাতায়াত, থাকার ব্যবস্থা এবং ধর্মীয় আচার পালনে সমস্যা হতে পারে। বিশেষ করে যে সকল পড়ুয়াকে দূরের পরীক্ষাকেন্দ্রে যেতে হবে, তাঁদের জন্য অসুবিধা আরও বাড়তে পারে। সংগঠনের বক্তব্য, এসআইও ইন্ডিয়া এনটিএ-এর কাছে অনুরোধ করেছে যাতে ২৮ মে-র পরিবর্তে বিকল্প তারিখ ঘোষণা করা হয় এবং যত দ্রুত সম্ভব সংশোধিত সূচি প্রকাশ করা হয়, যাতে শিক্ষার্থীরা প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা নিতে পারেন। পাশাপাশি, জাতীয় স্তরের পরীক্ষার ক্ষেত্রে সব ধরনের শিক্ষার্থীর সুবিধা-অসুবিধার কথা ভাবা উচিত। সব ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মের পড়ুয়াদের কথা মাথায় রেখে সকলকে গুরুত্ব দিলে সকলের জন্য সমান সুযোগ ও ন্যায্যতা বজায় রাখা সম্ভব হবে বলেই মনে করছে এসআইও ইন্ডিয়া।

উল্লেখ্য, কুয়েট ইউজি পরীক্ষা ১১ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশজুড়ে এবং বিদেশের ১৪টি শহরে হচ্ছে। কম্পিউটার বেসড টেস্ট পদ্ধতিতে হচ্ছে পরীক্ষা। এনটিএ-এর তরফে জানানো হয়েছে, চলতি বছর মোট ১৫,৬৮,৮৬৬ জন পরীক্ষার্থী কুয়েট ইউজি-র জন্য নথিভুক্ত করেছেন।

Advertisement
আরও পড়ুন