Don 3 controversy

পাকিস্তানি ক্রিকেটারের ভূমিকায় ফরহান! ‘ডন ৩’ নিয়ে রণবীরের সঙ্গে জটিলতার মাঝেই কোন সিদ্ধান্ত তাঁর?

বিতর্কের মাঝেই এক সিদ্ধান্ত নিলেন ফরহান। এ বার তিনি নাকি এক পাকিস্তানি ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন। ছড়িয়েছে এমনই খবর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৫:০০
রণবীরের সঙ্গে সমস্যার মাঝে নতুন পদক্ষেপ ফরহানের!

রণবীরের সঙ্গে সমস্যার মাঝে নতুন পদক্ষেপ ফরহানের! ছবি: সংগৃহীত।

‘ডন ৩’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ছবির জন্য ফরহান আখতারের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ। রণবীর সিংহ ছবি থেকে বেরিয়ে যাওয়ার জেরেই নাকি এই সমস্যা। এই বিতর্কের মাঝেই এক সিদ্ধান্ত নিলেন ফরহান। এ বার তিনি নাকি এক পাকিস্তানি ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন। ছড়িয়েছে এমনই খবর।

Advertisement

শোনা যাচ্ছে, আশুতোষ গোয়ারীকর ওই ছবির পরিচালনা করছেন। ছবিটি ক্রিকেটার লালা অমরনাথের জীবন নিয়ে তৈরি। অভিনয় করছেন আমির খানও। আমিরের প্রযোজনা সংস্থাও জড়িত এই ছবির সঙ্গে। ফরহান এই ছবিতে যৌথ ভাবে প্রযোজনাও করছেন বলে জানা যাচ্ছে। তবে ক্যামেরার নেপথ্যেই শুধু নয়, ক্যামেরার সামনেও ফরহানের ভূমিকা রয়েছে।

দেশভাগের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে লালা অমরনাথের জীবন তুলে ধরা হবে। স্বাধীনতার পরে ভারতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক ছিলেন তিনি। অমরনাথের চরিত্রে আমির অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। তাঁরই এক বন্ধুর চরিত্রে অভিনয় করবেন ফরহান। সেই বন্ধুই এক পাকিস্তানি ক্রিকেটার। এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, “চরিত্রটি ক্যামিয়ো। তবে ছবিতে ফরহানের আবেগপ্রবণ কিছু ভূমিকা আছে। লালা অমরনাথের ক্রিকেটার বন্ধুর চরিত্রে অভিনয় করবেন তিনি। এই ক্রিকেটার দেশভাগের পরে পাকিস্তানেই থেকে গিয়েছিলেন।”

এই ছবিতে শুধুই ক্রিকেট নিয়ে নয়, কঠিন সময়ে বন্ধুত্বের ভূমিকাও দেখানো হবে বলে খবর। সূত্রের কথায়, “আশুতোষ অনুরোধ করেছেন ফরহানকে এই চরিত্রের জন্য। তবে এখনও কিছু নিশ্চিত হয়নি।” ‘লগান’ তৈরির দীর্ঘ ২৫ বছর পরে আশুতোষের সঙ্গে জোট বাঁধছেন আমির। তাই এই ছবি নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে দর্শকের উত্তেজনা।

Advertisement
আরও পড়ুন