PMSHRI school west bengal

গোটা কলকাতা একটিই ব্লক! মাত্র ২টি পিএমশ্রী স্কুলেই সন্তুষ্ট থাকতে হবে রাজধানীকে, জানাল দফতর

এ শহরে ৫০০-র বেশি উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল রয়েছে। সাধারণ প্রাথমিক ও পুরসভার প্রাথমিক স্কুলের সংখ্যা প্রায় ১৩০০। অর্থাৎ প্রায় ১৮০০ স্কুলের ক্ষেত্রে মাত্র দু’টি স্কুল পিএমশ্রী প্রকল্পের আওতায় পড়বে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৯:৫৬

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মাত্র দু’টি পিএমশ্রী স্কুল নিয়েই সন্তুষ্ট থাকতে হবে কলকাতাকে। বিকাশ ভবন সূত্রের খবর, নিয়ম অনুযায়ী কলকাতা একটি ব্লক। তাই পিএমশ্রী স্কুল দু’টির বেশি হওয়া সম্ভব নয়।

Advertisement

স্কুলশিক্ষা দফতর সূত্রের খবর, ২০২২-২৩ সাল থেকেই কেন্দ্রের তরফে চালু হয় (প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজ়িং ইন্ডিয়া) বা পিএমশ্রী। ২০২৭-এর মধ্যে গোটা রাজ্যে সমগ্র শিক্ষা অভিযানের মাধ্যমে ১৪ হাজারের বেশি স্কুলকে এই পিএমশ্রী প্রকল্পের আওতায় নিয়ে আসার কাজ শুরু হয়। রাজ্যের প্রতিটি ব্লকে অন্তত একটি স্কুলকে বেছে নিয়ে প্রকল্পের অন্তর্ভুক্ত করানো হবে, এমনই লক্ষ্য। সে ক্ষেত্রে সেই স্কুলের সার্বিক বিকাশ করা হবে। এমনকি আশপাশের স্কুল পড়ুয়াদেরও সার্বিক বিকাশে সাহায্য করবে ওই সব স্কুল। উন্নয়নের খাতে ২৭ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। ওই স্কুলগুলিকে আদর্শ হিসেবে তৈরি করার জন্যে মোট অর্থের ৬০ শতাংশ দেবে কেন্দ্রীয় সরকার এবং ৪০ শতাংশ দেবে রাজ্য সরকার।

এখানেই সমস্যা পড়েছে রাজ্যের রাজধানী কলকাতা শহর। জেলা স্কুলশিক্ষা দফতরের এক কর্তা জানান, কলকাতা শহরে কোনও ব্লক নেই। এ ক্ষেত্রে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডকে একটি ব্লক ধরা হয়। যেহেতু একটি ব্লকে প্রাথমিক ভাবে দু’টি স্কুলকেই এই পিএমশ্রী তকমা দেওয়া হবে তাই গোটা শহর থেকে মাত্র দু’টি স্কুল এই আওতায় পড়বে।

এ শহরে ৫০০-র বেশি উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল রয়েছে। সাধারণ প্রাথমিক ও পুরসভার প্রাথমিক স্কুলের সংখ্যা প্রায় ১৩০০। অর্থাৎ প্রায় ১৮০০ স্কুলের ক্ষেত্রে মাত্র দু’টি স্কুল পিএমশ্রী প্রকল্পের আওতায় পড়বে। ইতিমধ্যেই জেলাস্কুল শিক্ষা বিভাগে প্রধানশিক্ষকেরা এই সমস্যার কথা জানিয়েছেন।

বিকল্প হিসেবে জেলা সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে আবেদন করা হয়েছে, কলকাতা পুর-এলাকায় মোট ১৬টি বোরো রয়েছে। যদি একটি বোরোকে একটি ব্লক হিসেবে ধরা হয় তাহলে সে ক্ষেত্রে মোট ৩২টি স্কুল পাবে কলকাতা।

এরই প্রেক্ষিতেই স্কুলশিক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়। এক কর্তা জানান যে পিএমশ্রীর যে নিয়ম সেটি কেন্দ্রের তৈরি। গোটা দেশের জন্য একই নিয়ম। ফলে সেখানে কলকাতাকে বাড়তি এই প্রকল্পের সুযোগ দেওয়ার কোনও উপায় নেই। গোটা দেশে যা হচ্ছে, কলকাতাতেও তাই হবে। তবে সূত্রের খবর, এক্ষেত্রে সমগ্রশিক্ষা মিশনের পক্ষ থেকে অন্য স্কুলগুলির পরিকাঠামো উন্নত করা যায় কি না, সে চেষ্টা করা হবে। কিন্তু কোনও মতেই পিএমশ্রী তকমা দেওয়া সম্ভব নয়।

Advertisement
আরও পড়ুন