FIFA World Cup 2026

বিশ্বকাপে চেকিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ইতিহাস তিন মহিলা রেফারির! ম্যাচ পরিচালনা করে নজির গড়লেন আমেরিকার পেন্সো

বৃহস্পতিবার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম চেকিয়া ম্যাচ পরিচালনা করেছিলেন টোরি পেন্সো। সঙ্গে ছিলেন দুই সহকারী ব্রুক মায়ো এবং ক্যাথরিন নেসবিট। তিন জনেই ইতিহাসের পাতায় নাম তুলেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ২১:২৭
sports

টোরি পেন্সো। ছবি: রয়টার্স।

বৃহস্পতিবার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম চেকিয়া ম্যাচ পরিচালনা করেছিলেন টোরি পেন্সো। সঙ্গে ছিলেন দুই সহকারী ব্রুক মায়ো এবং ক্যাথরিন নেসবিট। তিন জনেই ইতিহাসের পাতায় নাম তুলেছেন। এই প্রথম পুরুষদের বিশ্বকাপের কোনও ম্যাচ পরিচালনা করলেন তিন মহিলা রেফারি। তিন জনেই আমেরিকার, যেটি আর একটি নজির।

Advertisement

কাতার বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করে ইতিহাস গড়েছিলেন ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপার্ট। প্রথম মহিলা রেফারি হিসাবে তিনি পুরুষ বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছিলেন। জার্মানি বনাম কোস্টা রিকা ম্যাচের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। তবে সহকারী রেফারিরা ছিলেন পুরুষ। দ্বিতীয় বার কোনও মহিলা রেফারিকে ম্যাচ পরিচালনা করতে দেখা গেল।

পেন্সো ছিলেন মূল রেফারি। মায়ো এবং নেসবিট লাইন্সম্যান হিসাবে কাজ করেছেন। গোটা ম্যাচে তাঁদের কোনও সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়নি। খুব বেশি হলুদ কার্ডও দেখাননি পেন্সো। ফুটবলারদেরও মুখে মুখে তর্ক করতে বা কোনও সিদ্ধান্তের প্রতিবাদ করতে দেখা যায়নি। শেষের দিকে একটি পেনাল্টি দেন, যা থেকে গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন দক্ষিণ আফ্রিকার তেবোহো মোকোয়েনা। ক্যালিফোর্নিয়ার সাধারণ পরিবার থেকে উঠে আসা পেন্সোর কাছে এই যাত্রা স্বপ্নের মতোই।

রেফারিং শুরু করার আগে পেন্সো একটি বিজ্ঞাপনী সংস্থার মার্কেটিং বিশেষজ্ঞ হিসাবে কাজ করেছেন। তিন বছর আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমেরিকায় কোনও পূর্ণ সময়ের রেফারি ছিল না। তাই এটা যে কোনও পেশা হতে পারে সেটা ভাবিইনি। আমার কাছে এটা ছিল সাময়িক সময়ের পেশা। ভেবেছিলাম এই কাজ করে নিজের দেশটাকে এবং গোটা বিশ্বকে একটু ভাল করে চিনব। জানতাম দুটো কাজ একসঙ্গে চালাতে পারব না। পেশাদার রেফারিংয়ের সুযোগ আমার কাছে আসতে থাকে। তাই পরিবারের সমর্থন নিয়ে পুরো সময়ের রেফারিংয়ের কাজে যুক্ত হয়ে যাই। দেখতে চেয়েছিলাম কোথায় যাই। যা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি কিছু পেয়ে গিয়েছি।”

ফ্লোরিডার স্টুয়ার্টে জন্মানো পেন্সো ভাইয়ের দেখে ফুটবল খেলা শুরু করেছিলেন। ১৯৯৯-এ ভাইয়ের দেখেই স্থানীয় লিগে রেফারিং শুরু করেন। সে বারই আমেরিকার মেয়েরা দেশের মাটিতে বিশ্বকাপ জেতে। পেন্সো পরে বলেছিলেন, পেনাল্টিতে ব্রান্ডি চাস্টেনের গোল দেখে উদ্বুদ্ধ হয়ে রেফারিংয়ে আরও মনোনিবেশ করেছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন