neet ug re exam 2026

নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে নিট পুনঃপরীক্ষার আগে ‘মক ড্রিল’, যোগ দেবেন প্রায় ২.৫ লক্ষ নিরাপত্তা রক্ষী

এনটিএ জানিয়েছে, ‘মক ড্রিল’-এর মূল উদ্দেশ্য, পরীক্ষার আগে সার্বিক ভাবে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা খতিয়ে দেখা। এই অনুশীলনে দেশজুড়ে প্রায় ২.৫ লক্ষেরও বেশি নিরাপত্তা কর্মী যোগ দেবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ২১:১৭
— প্রতিনিধিত্বমূলক চিত্র।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

২১ জুনের নিট পুনঃপরীক্ষা নিশ্ছিদ্র সুরক্ষায় সম্পন্ন করতে দেশজুড়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরীক্ষা প্রক্রিয়ায় যাতে কোনও ধরনের ত্রুটি বা বিশৃঙ্খলা না থাকে তার জন্য দেশব্যাপী ‘মক ড্রিল’ বা নিরাপত্তা মহড়া চালানো হবে। ‘মক ড্রিল’ শুরু হবে ২০ জুন অর্থাৎ শনিবার সকাল ৯টা থেকে, চলবে সন্ধ্যা পর্যন্ত।

Advertisement

এনটিএ জানিয়েছে, ‘মক ড্রিল’-এর মূল উদ্দেশ্য, পরীক্ষার আগে সার্বিক ভাবে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা খতিয়ে দেখা। এই অনুশীলনে দেশজুড়ে প্রায় ২.৫ লক্ষেরও বেশি নিরাপত্তা কর্মী যোগ দেবেন।

পরীক্ষাকে কেন্দ্র করে সুরক্ষার ঘেরাটোপ আরও শক্ত করতে ইতিমধ্যেই দেশের সমস্ত পরীক্ষাকেন্দ্রকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র হাতে তুলে দেওয়া হয়েছে। পরীক্ষার দিন কেন্দ্রগুলিতে একটি বিশেষ ‘ত্রি-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা’ কার্যকর থাকবে। এ বারের পরীক্ষায় প্রশ্নপত্র এবং উত্তরপত্রের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে আধাসামরিক বাহিনীকে।

প্রযুক্তির দিক থেকেও নজরদারিতে কোনও খামতি রাখতে চায় না এনটিএ। দেশের মধ্যে পাঁচ হাজারেরও বেশি পরীক্ষাকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। যার লাইভ ফিড সরাসরি এনটিএ-এর কন্ট্রোল রুম থেকে মনিটর করা হবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি, পরীক্ষা সংক্রান্ত যে কোনও ধরনের গুজব ছড়ানো বা সন্দেহজনক গতিবিধি রুখতে একটি উচ্চ-পর্যায়ের মনিটরিং সেন্টার গঠন করা হয়েছে। এই সেন্টার সক্রিয় ভাবে বিভিন্ন সমাজমাধ্যম প্ল্যাটফর্মের উপর নজর রাখবে।

Advertisement
আরও পড়ুন