জেইএলইটি আয়োজিত হবে ১৩ জুন। ছবি: সংগৃহীত।
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন বোর্ড-এর (ডব্লিউবিজেইইবি) তরফে ঘোষণা করা হয়েছে জয়েন্ট এন্ট্রান্স ল্যাটারাল এন্ট্রি টেস্ট-এর (জেইএলইটি) দিন। ডব্লিউবিজেইইবি তাদের ওয়েবসাইটেই প্রকাশ করেছে পরীক্ষার দিনক্ষণ।
ডব্লিউবিজেইইবি-র দেওয়া তথ্য অনুযায়ী, ১৩ জুন পরীক্ষা আয়োজিত হতে চলেছে। পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৯ মার্চ থেকে। ডব্লিউবিজেইইবি-র ওয়েবসাইট থেকেই সরাসরি আবেদন করা যাবে।
যে সব পড়ুয়া রাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ টেকনোলজি, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং এবং ব্যাচেলর অফ ফার্মাসি পড়তে চান তাঁদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে, এই প্রবেশিকায় উত্তীর্ণ হলে সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া যায়।
কারা আবেদন করতে পারেন?
যে সকল পড়ুয়া সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা শেষ করেছে বা সমমানের কোর্স শেষ করেছেন, তাঁরা এই প্রবেশিকায় বসার জন্য যোগ্য। গণিত বিষয়-সহ স্নাতক উত্তীর্ণরাও এই প্রবেশিকা দিতে পারেন। প্রয়োজনীয় মাপকাঠি ডব্লিউবিজেইইবি-র ওয়েবসাইট থেকেই জানা যাবে।
আবেদন করবেন কী ভাবে?
ডব্লিউবিজেইইবি-র ওয়েবসাইটে যেতে হবে। ১৯ মার্চ থেকে ‘হোমপেজ’-এই আবেদন প্রক্রিয়ার সংশ্লিষ্ট লিঙ্কটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।