— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড টেকনোলজি-তে স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু। রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের তরফে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) কোর্সের জন্য স্নাতকদের ভর্তি নেওয়া হবে। ওই প্রতিষ্ঠান থেকে সেন্সর টেকনোলজি, অটোমেশন অ্যান্ড রোবোটিক্স, ডেটা সায়েন্স, কোয়ান্টাম কম্পিউটিং-সহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তরের কোর্স করানো হবে।
কোন বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ?
ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকেরা উল্লিখিত বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন। স্নাতকের পরীক্ষায় থাকতে হবে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর। তবে, স্নাতকদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও উল্লিখিত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তরের পড়াশোনার সম্পূর্ণ হওয়া পর ডিআরডিও-তে স্বল্প সময়ের চুক্তিতে চাকরির সুযোগও পাওয়া যাবে।
ভর্তি হওয়ার জন্য পড়ুয়াদের একটি প্রবেশিকায় পাশ করতে হবে। তিন ঘণ্টার ওই পরীক্ষায় স্নাতকের পাঠ্যক্রম থেকে প্রশ্ন থাকছে। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং গেট স্কোরের ভিত্তিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
দু’টি পর্বে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করবে ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড টেকনোলজি। প্রথম পর্বের জন্য আবেদনের পোর্টাল ৩০ এপ্রিল পর্যন্ত চালু থাকছে। প্রার্থীদের বাছাই করার পর মেধাতালিকা ১৫ মে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষা ১০ জুন হতে চলেছে। কাউন্সেলিং-এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ ১১ এবং ১২ জুন হবে।
দ্বিতীয় পর্বের আবেদনের প্রক্রিয়া ৬ মে থেকে ১৬ জুন পর্যন্ত চলবে। মেধা তালিকা ৩০ জুন প্রকাশিত হতে চলেছে। ১৫ জুলাই লিখিত পরীক্ষা হবে। ১৬ এবং ১৭ জুলাই কাউন্সেলিং-এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।