Physiotherapist Career

ফিজ়িয়োথেরাপি বিষয়ে পড়াশোনা করতে হলে দিতে হয় প্রবেশিকা, কী ভাবে নিযুক্ত হবেন এই পেশায়?

ফিজ়িয়োথেরাপিস্টের চাহিদা বাড়ছে ক্রমশ। কী ভাবে পড়াশোনা করলে হওয়া যায় ফিজ়িয়োথেরাপিস্ট? রইল সুলুকসন্ধান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০৯:০৭
ফিজ়িয়োথেরাপিস্ট হওয়ার খুঁটিনাটি।

ফিজ়িয়োথেরাপিস্ট হওয়ার খুঁটিনাটি। — প্রতীকী চিত্র।

চিকিৎসকের পরামর্শ, পেশির ব্যাথা কমাতে করতে হবে ফিজ়িয়োথেরাপির। আবার দুর্ঘটনার পর শরীরের কোনও অংশে চোট-আঘাত লাগলে অস্ত্রোপচার অথবা প্লাস্টারের পর সাহায্য নিতে হয় সেই ফিজ়িয়োথেরাপি। শুধু তা-ই নয়, দীর্ঘ ক্ষণ বসে বসে কাজ করতে গিয়েও শরীরের ব্যথায় কাবু। সেখানেও ডাক পড়ে ফিজ়িয়োথেরাপিস্টের। তাই, দিনে দিনে বাড়ছে তাঁদের কদর। ফিজ়িয়োথেরাপিস্ট হওয়ার তাগিদও বাড়ছে। কিন্তু কী পড়াশোনা করলে হওয়া যায় ফিজ়িয়োথেরাপিস্ট?

Advertisement

যোগ্যতা এবং কী কোর্স রয়েছে

কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশের পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যার মতো বিষয় নিয়ে উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এর পর স্নাতক স্তরে পড়াশোনা করা যায়। আগে ফিজ়িয়োথেরাপি নিয়ে পড়াশোনা করলে হলে আলাদা ভাবে কোনও প্রবেশিকা দিতে হত না। তবে, নিয়মে বদল এনেছে ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড অ্যান্ড হেল্‌থকেয়ার প্রফেশনাস (এনসিএইচএপি)। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্নাতকে স্তরে ফিজিয়োথেরাপি নিয়ে পড়তে হলে প্রবেশিকায় উত্তীর্ণ হতে হবে। ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট আন্ডারগ্র্যাজুয়েশন-এ (নিট ইউজি) উত্তীর্ণ হলে কাউন্সেলিং ও মেধাতালিকার মাধ্যমে ব্যাচেলর ইন ফিজ়িয়োথেরাপি (বিপিটি) কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যাবে।

আগে তিন বছরের হলেও নতুন নিয়ম অনুযায়ী বিপিটি কোর্সটি চার বছরের। পূর্ণ সময়ের এই কোর্স শেষ করার পর পড়ুয়াদের কোনও প্রতিষ্ঠানে ছ’মাসের ইন্টার্নশিপও করতে হবে। স্নাতক কোর্সের পর কেউ চাইলে উচ্চ স্তরেও পড়তে পারেন। সে ক্ষেত্রে মাস্টার ইন ফিজ়িয়োথেরাপি (এমপিটি) কোর্স পড়ার সুযোগ রয়েছে। এর পর পিএইচডি-ও করা যায় এই বিষয়ে। বিপিটি ছাড়াও নানা প্রতিষ্ঠানের তরফে ব্যাচেলর অফ সায়েন্স বা বিএসসি ইন ফিজ়িয়োথেরাপি পড়ারও সুযোগ রয়েছে। স্বল্প মেয়াদের সার্টিফিকেট কোর্সও রয়েছে।

কোথায় কোথায় পড়ানো হয়

কলকাতার ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, মেডিকেল কলেজ, কলকাতা, ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজ্যাবিলিটিজ়ে পড়ানো হয় এই বিষয়ে। এ ছাড়়াও এমস দিল্লি, জামিয়া মিলিয়া ইসলামিয়া, মাদ্রাজ মেডিক্যাল কলেজ-সহ নানা প্রতিষ্ঠানে পড়ানো হয় এই বিষয়ে।

পেশাগত সুযোগ

দেশের নানা হাসপাতাল, ক্লিনিক থেকে শুরু করে কর্পোরেট সংস্থায় হেল্‌থকেয়ার প্রফেশনাল হিসাবে কাজের সুযোগ পান ফিজ়িয়োথেরাপিস্টরা। পাশাপাশি, সরকার স্বীকৃত স্পোর্টস অথারিটি অফ ইন্ডিয়াতেও এই পদে নিয়োগ করা হয় কর্মী। এ ছাড়াও নিজস্ব ক্লিনিক খুলতে পারেন ফিজ়িয়োথেরাপিস্টরা।

Advertisement
আরও পড়ুন