CISCE Result 2026

প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি-র ফলাফল, পাশের হারে এগিয়ে কোন রাজ্য?

কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশন-এর (সিআইএসসিই) তরফে এ বছর দশমের ফলাফল পরীক্ষা শেষের ৩০ দিন এবং দ্বাদশের ফল পরীক্ষা শেষের ২৬ দিনের মাথায় প্রকাশ করা হল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১১:২৭

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দশম শ্রেণির আইসিএসই এবং দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশন (সিআইএসসিই)। এ বছর দশমের ফলাফল পরীক্ষা শেষের ৩০ দিন এবং দ্বাদশের ফল পরীক্ষা শেষের ২৬ দিনের মাথায় প্রকাশ করা হল। চলতি বছরের দশমের পরীক্ষার ফলাফলে নজর কেড়েছে পশ্চিমাঞ্চলের রাজ্যগুলি (৯৯.৮৫ শতাংশ)। দ্বাদশের পরীক্ষায় এগিয়ে দক্ষিণাঞ্চলের রাজ্যগুলি (৯৯.৮৭ শতাংশ)।

Advertisement

২০২৬-এর আইসিএসই পরীক্ষায় পড়ুয়াদের পাশের হার ৯৯.১৮ শতাংশ। পরীক্ষা দিয়েছে ২ লক্ষ ৫৮ হাজার ৭২১ জন। মোট ২ লক্ষ ৫৬ হাজার ৫৯০ জন পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ০৩২ জন (৯৮.৯৩ শতাংশ), ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৫৫৮ জন (৯৯.৪৬ শতাংশ)। এ বছর মোট ২,৯৫৭টি স্কুলে দশমের পরীক্ষা নেওয়া হয়েছিল।

গোটা দেশে আইএসসি পরীক্ষায় পড়ুয়াদের পাশের হার ৯৯.১৩ শতাংশ। উত্তীর্ণ হয়েছেন ১ লক্ষ ০২ হাজার ৪১৪ জন পড়ুয়া। তাঁদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫৩ হাজার ৪৭২ জন (৯৮.৮১ শতাংশ), ছাত্রীর সংখ্যা ৪৮ হাজার ৯৪২ জন (৯৯.৪৮ শতাংশ)। মোট ১,৫৫৩টি স্কুলে দ্বাদশের পরীক্ষা নেওয়া হয়েছিল।

কাউন্সিল জানিয়েছে পশ্চিমবঙ্গ থেকে দশমে মোট ৪৫৭টি এবং দ্বাদশে ৩৪৮টি স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষায় বসে। দশমে এবং দ্বাদশে পর্যায়ক্রমে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ৪১০ এবং ২৮ হাজার ৭৯১ জন। দশমে পাশ করেছে ৪৩ হাজার ৮৯৭ জন এবং দ্বাদশে ২৮ হাজার ৪৭৩ জন। শতাংশের নিরিখে দশমে পাশ করেছে ৯৮.৮৪ শতাংশ এবং দ্বাদশে পাশ করেছে ৯৮.৯০ শতাংশ। রাজ্যের ক্ষেত্রেও পাশের নিরিখে এ গিয়ে রয়েছে ছাত্রীরা।

গোটা দেশের ক্ষেত্রেও অভিন্ন চিত্র দেখা গিয়েছে। দশমে এবং দ্বাদশে দু’টি ক্ষেত্রেই পাশের শতাংশের নিরিখে এগিয়ে রয়েছে ছাত্রীরা। দশমে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৬ শতাংশ এবং ছাত্রদের ৯৮.৯৩ শতাংশ। দ্বাদশে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৮ শতাংশ এবং ছাত্রদের ৯৮.৮১ শতাংশ । তবে দু’টি ক্ষেত্রেই মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের থেকে ছাত্রদের সংখ্যাই বেশি ছিল।

সিআইএসসিই-র নিজস্ব ওয়েবসাইট— https://cisce.org অথবা https://results.cisce.org –এ দেখা যাবে ফলাফল। এ ছাড়াও ডিজিলকারের ওয়েবসাইট https://results.digilocker.gov.in থেকে ফলাফল জেনে নিতে পারবেন পড়ুয়ারা।

সিআইএসসিই-র তরফে জানানো হয়েছে, খাতা রিভিউ করার সুযোগ পাবে পড়ুয়ারা ১ থেকে ৪ মে পর্যন্ত। আবার পরীক্ষা (ইমপ্রুভমেন্ট এগজ়ামিনেশন) দেওয়ার জন্য রি-রেজিস্ট্রেশন করতে হবে ৮ থেকে ১৪ মে-র মধ্যে। রিভিউয়ের ফলপ্রকাশ হবে জুনের প্রথম সপ্তাহে। ফের পরীক্ষা হবে ১৫ জুন এবং তার ফলপ্রকাশ করা হবে জুলাইয়ের শেষ সপ্তাহে, এমনই জানানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন