IPL 2026

ঘরের মাঠে টানা চার হার! সমর্থকদের নিশানা হার্দিকের, প্রতিপক্ষের নামে জয়ধ্বনিতে বিরক্ত মুম্বই অধিনায়ক

মুম্বই ইন্ডিয়ান্স একেবারেই ছন্দে নেই। ঘরের মাঠে টানা চারটি ম্যাচ হেরেছেন হার্দিক পাণ্ড্যেরা। তাঁদের খেলায় হতাশ মুম্বইয়ের সমর্থকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১২:৩৮
cricket

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

ঘরের মাঠে কি তবে সমর্থন হারাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স? নইলে কেন প্রতিপক্ষ দলের নামে শোনা যাচ্ছে জয়ধ্বনি? এই ঘটনায় বিরক্ত মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্যও। মুম্বই ইন্ডিয়ান্স একেবারেই ছন্দে নেই। ঘরের মাঠে টানা চারটি ম্যাচ হেরেছেন হার্দিকেরা। তাঁদের খেলায় হতাশ মুম্বইয়ের সমর্থকেরা। সেই কারণেই হয়তো এই ছবি দেখা যাচ্ছে।

Advertisement

বুধবার ২৪৩ রান করেও সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে মুম্বই। ম্যাচ চলাকালীন অভিষেক শর্মা, ট্রেভিস হেডরা বড় শট মারলে দেখা যাচ্ছিল, মুম্বই সমর্থকদের একটা অংশ উল্লাস করছেন। সেই দৃশ্য চোখে পড়েছে হার্দিকেরও। খেলা শেষে তিনি বলেন, “এটা সত্যি যে, মুম্বই সমর্থকদের খুব একটা আনন্দ দিতে পারিনি। তার পরেও ওঁরা আমাদের সমর্থন করেছেন। কিন্তু কিছু কিছু সময় দেখি, প্রতিপক্ষের নামে জয়ধ্বনি হচ্ছে। তখন খুব খারাপ লাগে।”

এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় তাঁদের হাতেই রয়েছে বলে স্বীকার করে নিয়েছেন হার্দিক। তার জন্য জয়ে ফিরতে হবে তাঁদের। হার্দিক বলেন, “অবশ্য এই পরিস্থিতি বদলানোর ক্ষমতা আমাদের হাতেই আছে। আমাদের ভাল খেলতে হবে। জিততে হবে। তবেই ওঁরা আমাদের আবার ভালবাসবেন। ভরসা করবেন।”

শুধু হায়দরাবাদ ম্যাচে নয়, এ বারের আইপিএলে মুম্বই-বেঙ্গালুরু ম্যাচেও দেখা গিয়েছে এক ছবি। বিরাট কোহলিদের জন্য গলা ফাটিয়েছে ওয়ানখেডে। স্বভাবতই মুম্বইয়ের মতো পাঁচ বারের চ্যাম্পিয়ন দলের কাছে এটা হজম করা কঠিন। ঘরের মাঠে প্রতিপক্ষের নামে জয়ধ্বনি তাদের মনোবল আরও ভেঙে দিচ্ছে। সেই কারণেই হয়তো প্রকাশ্যে সে কথা বলে ফেলেছেন হার্দিক।

চলতি আইপিএলে ঘরের মাঠে পাঁচটি ম্যাচ খেলেছে মুম্বই। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছিল তারা। পরের চার ম্যাচে বেঙ্গালুরু, পঞ্জাব, চেন্নাই ও হায়দরাবাদের কাছে হারতে হয়েছে। একটা সময় ওয়ানখেডেকে মুম্বইয়ের দুর্গ বলা হত। এই মাঠে রোহিত শর্মাদের হারানো প্রায় অসম্ভব ছিল। কিন্তু সেই দুর্গ ভেঙে পড়েছে। সেই কারণেই হয়তো সমর্থকেরা মুখ ফেরাচ্ছেন। আর তাতে আরও বিরক্ত হচ্ছেন হার্দিকেরা।

Advertisement
আরও পড়ুন