ওয়ানখেডে স্টেডিয়ামে ঢুকছেন বিনোদ কাম্বলি। ছবি: ভিডিয়ো থেকে।
কিছু দিন আগেই হাসপাতালে ভর্তি ছিলেন বিনোদ কাম্বলি। বুধবার তাঁকে দেখা গেল ওয়ানখেডে স্টেডিয়ামে। মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজ়ার্স হায়দরাবাদের ম্যাচ দেখতে গিয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। যদিও তাঁকে দেখে মনে হয়েছে, এখনও পুরো সুস্থ নন।
কাম্বলির একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, স্টেডিয়ামে ঢুকছেন তিনি। ঠিক মতো হাঁটতে পারছেন না কাম্বলি। দু’দিক থেকে দু’জন তাঁকে ধরে রয়েছেন। হাঁটতে সমস্যা হলেও মুখে হাসি রয়েছে তাঁর। কাম্বলিকে দেখে উচ্ছ্বসিত ভক্তেরা। তাঁদের মধ্যে অনেকেই বলেন, “দ্রুত সুস্থ হয়ে উঠুন স্যর।” সে কথা শুনে ‘থাম্বস আপ’ দেখান কাম্বলি।
কয়েক দিন আগে অসুস্থ শরীরেই বন্ধু সচিন তেন্ডুলকরের জন্মদিন পালন করেন কাম্বলি। একটি আইসক্রিম সংস্থার বিজ্ঞাপনে কাম্বলিকে অভিনয় করতে দেখা গিয়েছে। সেখানেই সচিনের জন্মদিনে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে কাম্বলিকে। তিনি বলেছেন, “ওহে বন্ধু, আজ তো উৎসব করতেই হবে। শুভ জন্মদিন বন্ধু।” এর পরেই ছোটদের সঙ্গে আইসক্রিম খেতে দেখা যায় তাঁকে।
শিবাজী পার্কে কোচ রমাকান্ত আচরেকরের কাছে ক্রিকেট শিক্ষা শুরু কাম্বলি এবং সচিনের। দু’জনেই প্রতিভাবান ছিলেন। তবে একটা সময় কাম্বলিকে ছাড়িয়ে অনেক দূর এগিয়ে যান সচিন। বিশৃঙ্খল জীবনযাপনের কারণে ক্রিকেট থেকে দূরে সরে যান কাম্বলি।
ওই ভিডিয়োয় কাম্বলি আরও বলেছেন, “এই দিনটা আমার কাছে আলাদা। প্রতি ২৪ এপ্রিল আমার সচিনের কথা মনে পড়ে। অতীতে কখনও অবিস্মরণীয় মুহূর্ত কাটিয়েছি দু’জনে। একসঙ্গে জন্মদিন পালন করেছি। ময়দানে দাপট দেখিয়েছি। ওই বন্ধন ভাঙা যাবে না।”
উল্লেখ্য, কাম্বলির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল কিছু দিন আগেই। ২০২৪ সালে ৫৪ বছরের প্রাক্তন ক্রিকেটারের মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। সে সময় ঠাণের হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। গত বুধবার কাম্বলির বন্ধু মার্কাস কুটো জানান, তিনি সেরে উঠছেন, কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন। কাম্বলির মস্তিষ্কে এখনও রক্ত জমাট বেঁধে আছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ব্রেন স্ট্রোকের ঝুঁকি রয়েছে। তার মাঝেই স্টেডিয়ামে খেলা দেখতে গেলেন কাম্বলি।