(বাঁ দিকে) আরসিবির জার্সি পরে ক্রিশ্চিয়ান পুলিসিচ। এসি মিলানের জার্সি পরে বিরাট কোহলি, ফিল সল্ট ও রজত পাটীদার (ডান দিকে)। ছবি: এক্স।
মিলে গেল ক্রিকেট ও ফুটবল। মিলে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও এসি মিলান। মিলে গেল ভারতের ক্রিকেট ও ইটালির ফুটবল ক্লাব। আইপিএলের মাঝে দেখা গেল ক্রিকেট ও ফুটবলের যুগলবন্দি। একই সঙ্গে অনুশীলন করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তিন ক্রিকেটার ও এসি মিলানের এক ফুটবলার।
জার্মানির এক ক্রীড়া সরঞ্জাম তৈরির সংস্থার সঙ্গে যুক্ত আরসিবি ও মিলান। তাদের উদ্যোগেই হয়েছে এই যুগলবন্দি। একটি ভিডিয়ো প্রকাশ করেছে তারা। ক্যাপশনে লেখা, “ভিন্ন খেলা, ভিন্ন জার্সি, কিন্তু সমান প্রভাব।”
ভিডিয়োতে দেখা যাচ্ছে, আরসিবির তিন ক্রিকেটার বিরাট কোহলি, ফিল সল্ট ও অধিনায়ক রজত পাটীদার রয়েছেন। অন্য দিকে রয়েছেন, এসি মিলানের ফুটবলার ক্রিশ্চিয়ান পুলিসিচ। তাঁরা একসঙ্গে অনুশীলন করছেন। প্রথমে ফুটবল পায়ে দেখা যায় পুলিসিচকে। তাঁর গায়ে ছিল বেঙ্গালুরুর জার্সি। বল নাচাচ্ছিলেন তিনি। কয়েক সেকেন্ড পরে ব্যাট হাতে নেমে পড়েন তিনি। শটও মারেন। তার পর ফুটবল পায়ে দেখা যায় আরসিবির ক্রিকেটারদের। পায়ে বল নাচান সল্ট। বেঙ্গালুরুর ক্রিকেটারদের গায়ে আবার ছিল এসি মিলানের জার্সি।
ক্রিকেটারদের মধ্যে ফুটবল খেলা এখন নতুন নয়। অনুশীলনে সব দলের ক্রিকেটারেরাই ফুটবল পায়ে সময় কাটান। নিজেদের মধ্যে পাস দেওয়া নেওয়া করেন। হেড করার খেলাতেও মাতেন তাঁরা। কোহলি, মহেন্দ্র সিংহ ধোনিদের ফুটবলের প্রতিভাও খুব কম নয়। কিন্তু ফুটবলারদের সাধারণত ক্রিকেট ব্যাট হাতে দেখা যায় না। পুলিসিচকে সেটা করতেই দেখা গেল।
আইপিএলে ভাল খেলছে আরসিবি। আটটির মধ্যে ছ’টি ম্যাচ জিতেছেন কোহলিরা। ১২ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন গত বারের চ্যাম্পিয়নেরা। আরও এক বার প্লে-অফের দিকে এগোচ্ছে আরসিবি।