— প্রতিনিধিত্বমূলক চিত্র।
অন্তর্জালের দুনিয়ায় সাইবার হানাদারিতে জেরবার সাধারণ মানুষ। কখনও মুঠোফোনে, কখনও কম্পিউটারের মাধ্যমে ব্যক্তিগত পরিসরে পৌঁছে যাচ্ছে হ্যাকাররা। হাতিয়ে নিচ্ছে ব্যাঙ্কে জমানো টাকা। আবার সমাজমাধ্যম থেকেও চুরি হচ্ছে তথ্য, বেআইনি কাজে ব্যবহার করা হচ্ছে। তাই তথ্য সুরক্ষিত রাখতে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে বিভিন্ন দেশের সাইবার সিকিউরিটি বিভাগকে।
বদলে যাওয়া দুনিয়ায় তাই এই বিভাগের বাড়ছে চাকরির সম্ভাবনা। এ জন্য স্নাতক স্তর থেকেই সাইবার সুরক্ষা (সাইবার সিকিউরিটি) নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে আইআইটি প্রতিষ্ঠান। ব্যাচেলর অফ সাইবার (বিসাইবার) শীর্ষক কোর্সের মাধ্যমে পড়ুয়ারা সাইবার সুরক্ষার যাবতীয় বিষয় শেখার সুযোগ পাবেন। কোর্সটি আইআইটি মাদ্রাজ এবং আইআইটি কানপুরের যৌথ উদ্যোগে করানো হবে।
পরিসংখ্যান বলছে, এ দেশে বিভিন্ন ক্ষেত্রে কাজের জন্য ১৫ লক্ষের বেশি সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ প্রয়োজন। এমন বিষয়ে বিশেষজ্ঞের চাহিদা মেটাতে আইআইটি প্রতিষ্ঠানের তরফে সংশ্লিষ্ট কোর্সটি তৈরি করা হয়েছে। এতে তথ্যনির্ভর জ্ঞান অর্জনের পাশাপাশি, হাতেকলমে কাজ শেখার সুযোগ থাকছে। এ ছাড়াও বিশেষ ভাবে কাজের জন্য প্রশিক্ষণও দেবেন দুই প্রতিষ্ঠানের অধ্যাপক এবং বিশেষজ্ঞেরা।
সংবাদমাধ্যম সূত্রে খবর, চার বছরের কোর্সটিতে দু’বছরের ফিল্ড ডেপ্লয়মেন্ট প্রফেশনাল প্রজেক্ট থাকছে। ওই প্রকল্পের জন্য চারটি সেমেস্টার বরাদ্দ করা হবে। পড়ুয়াদের অভিজ্ঞ বিশেষজ্ঞেরা হাতেকলমে কাজ শেখাবেন এবং তাঁদের কর্মক্ষেত্রের জন্য দক্ষ হয়ে উঠতে সাহায্য করবেন।
সংশ্লিষ্ট পাঠ্যক্রমে সিকিউরিটি অপারেশন, ভালনেরাবিলিটি অ্যাসেসমেন্ট, ম্যালঅয়্যার অ্যানালিসিস-এর মতো বিভিন্ন বিষয় সংযোগ করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন যন্ত্র এবং নেটওয়ার্কের সুরক্ষা কবচ কী ভাবে তৈরি করতে হবে এবং তার রক্ষণাবেক্ষণ কী ভাবে সম্ভব, তা-ও শেখানো হবে। ভর্তি হতে আগ্রহীদের দ্বাদশ উত্তীর্ণ হওয়া আবশ্যক। উচ্চমাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় তাঁদের পদার্থবিদ্যা, রসায়ন, গণিত— এই তিনটি বিষয় থাকতেই হবে।