Skill Development in AI

কৃত্রিম মেধায় বিশেষজ্ঞদের অভাব! চাকরিজীবীদের দক্ষতা বৃদ্ধির সুযোগ দিতে বিশেষ প্রশিক্ষণ

কৃত্রিম মেধার ব্যবহার ইতিমধ্যেই বিভিন্ন পেশায় শুরু হয়েছে। এর প্রভাব পড়ছে কাজের বাজারেও। এ ক্ষেত্রে চাকরিজীবীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করবেন কী ভাবে? উপায় বাতলে দিচ্ছে আইআইটি প্রতিষ্ঠান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৬:০৭

ছবি: এআই সহায়তায় প্রণীত।

কাজের বাজারে কৃত্রিম মেধার চাহিদা বেড়েই চলেছে। একই সঙ্গে বাড়ছে চাকরি হারানোর শঙ্কাও। সম্প্রতি ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা-র তরফে জানানো হয়েছে, কর্মদক্ষতা বৃদ্ধি করতে এবং কৃত্রিম মেধার জন্য বিপুল ব্যয় রুখতে কর্মী ছাঁটাই করা হবে। নতুন করে আপাতত নিয়োগও হবে না ওই সংস্থায়। এমন পরিস্থিতিতে কৃত্রিম মেধায় দক্ষতা বৃদ্ধির সুযোগ খুঁজছেন বিভিন্ন সংস্থায় কর্মরতেরা।

Advertisement

এ ছাড়াও চাকরির ক্ষেত্রে ওই প্রযুক্তিতে সড়গড় ব্যক্তিদের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সময়ে এ দেশে যেখানে ৬ লক্ষেরও বেশি বিশেষজ্ঞের প্রয়োজন, সেখানে এমন বিশেষজ্ঞের সংখ্যা মাত্র ৪ লক্ষ ১৬ হাজার। এই ঘাটতি মেটাতে বিভিন্ন আইআইটি প্রতিষ্ঠানের তরফে চাকরিজীবীদের জন্য দক্ষতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে সম্প্রতি আইআইটি, মাদ্রাজের তরফেও চালু করা হয়েছে কৃত্রিম মেধা নিয়ে বিশেষ ক্লাস।

ওই ক্লাসের মাধ্যমে কৃত্রিম মেধার সঙ্গে মেশিন লার্নিং, ডিপ লার্নিং-এর খুঁটিনাটি শেখানো হবে। প্রতিষ্ঠানের অধ্যাপকেরা ওই ক্লাস নেবেন। বাস্তবনির্ভর সমস্যা সমাধানে কী ভাবে ওই প্রযুক্তি সহায়ক হয়ে উঠবে, বিভিন্ন ধরনের প্রকল্পে কী ধরনের কাজে কৃত্রিম মেধা, মেশিন লার্নিংকে ব্যবহার করা যেতে পারে— সেই সংক্রান্ত প্রশিক্ষণও দেবেন অধ্যাপকেরা।

এই ক্লাসের মাধ্যমে যোগদানকারীরা নিজস্ব চ্যাটবট তৈরি করার সুযোগও পাবেন। ডিজিটাল এজেন্ট তৈরি করা এবং তাদের সাহায্যে কাজে গতি কী ভাবে আনা যেতে পারে— তাও হাতে-কলমে শিখে নিতে পারবেন। ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, সফট্অয়্যার ইঞ্জিনিয়ার, বিজ়নেস অ্যানালিস্ট, কনসালট্যান্ট, প্রোডাক্ট ম্যানেজার পদে যাঁরা অন্তত পাঁচ বছর চাকরি করেছেন, তাঁরা উল্লিখিত ক্লাসটি করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি কিংবা সমতুল্য বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন।

১৪ মে থেকে ১০ মাস পর্যন্ত প্রতি সপ্তাহে ক্লাস নেওয়া হবে। অনলাইন পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট ক্লাসটি করার সুযোগ থাকছে। তবে, দু’দিন ক্লাস করার জন্য যোগদানকারীদের আইআইটি, মাদ্রাজের ক্যাম্পাসে আসতে হবে। আবেদনের জন্য ১,২০০ টাকা ফি হিসাবে ধার্য করা হয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।

Advertisement
আরও পড়ুন