মৌলানা আবুল কালাম আজ়াদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ম্যাকাউট) ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় —ফাইল চিত্র।
দীর্ঘ টালবাহানার পর রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ হয়েছে। যদিও এখনও বাকি রয়েছে তিনটি বিশ্ববিদ্যালয়। সুপ্রিম কোর্টের নির্দেশে ওই তিনটি বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য নিয়োগ করবে বিশেষ কমিটি। এ জন্য সোমবার থেকে শুরু হয়েছে ইন্টারভিউ প্রক্রিয়া।
সূত্রের খবর, এ দিন দু’টি বিশ্ববিদ্যালয়ের জন্য ইন্টারভিউ হয়েছে। আরও একটি বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য পদে ইন্টারভিউ নেওয়া হবে আগামী মঙ্গলবার। জানা গিয়েছে, প্রথম দিনই দু’টি বিশ্ববিদ্যালয়ের জন্য ৩২ জন প্রার্থীকে ডাকা হয়েছিল।
এ দিন মৌলানা আবুল কালাম আজ়াদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ম্যাকাউট) জন্য ১৫ জন পদপ্রার্থীকে ডাকা হয়েছিল। তার মধ্যে ১৩ জন উপস্থিত ছিলেন। তাঁদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পরে দুপুরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হয়। সে ক্ষেত্রে ১৭ জনকে ডাকা হয়েছিল। উপস্থিত ছিলেন ১৪ জন। মঙ্গলবার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য ফের ইন্টারভিউ নেওয়া হবে।
গত ২৭, ২৮ এবং ২৯ জানুয়ারি সমাজমাধ্যমে রাজ্যপাল ঘোষণা করেন সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে অয়ন ভট্টাচার্য, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে নিমাইচন্দ্র সাহা, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অর্ণব সেন, বাবাসাহেব অম্বেডকর এডুকেশন ইউনিভার্সিটিতে অরুণাশিস গোস্বামী, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেবব্রত বসু এবং ওয়েস্ট বেঙ্গল রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে দেবব্রত মিত্রের নাম। তাঁরা সকলেই গত ১৯ ফেব্রুয়ারি নিয়োগপত্র হাতে পেয়েছেন। সেই সঙ্গে ওই দিনই লোকভবনের তরফে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে সঞ্চারী রায় মুখোপাধ্যায় এবং ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে মিতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়।
দীর্ঘ তিন বছর টালবাহানার পরে ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৩টি স্থায়ী উপাচার্য নিয়োগের সমস্যার সমাধান হয়।