JU Admission 2025

স্নাতকের পর মাস কমিউনিকেশনে পিজি ডিপ্লোমার সুযোগ যাদবপুরে, শুরু আবেদন গ্রহণ

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এই কোর্সটির মেয়াদ এক বছর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৮:০৭
Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাঁদের আগ্রহের বিষয় মাস কমিউনিকেশন বা গণজ্ঞাপন, কিন্তু স্নাতক রয়েছে অন্য বিষয়ে, তাঁরা স্বল্পমেয়াদি কোর্সের জন্য খোঁজ নিতে পারেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট (পিজি) ডিপ্লোমা কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, পড়ুয়ারা অনলাইনেই আবেদন করতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপনের পিজি ডিপ্লোমা কোর্সটি আয়োজনের দায়িত্বে অ্যাডাল্ট কন্টিনিউয়িং এডুকেশন অ্যান্ড এক্সটেনশন বিভাগ। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এই কোর্সটির মেয়াদ এক বছর। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ক্লাসের আয়োজন করা হবে। কোর্স ফি-র পরিমাণ ২০,০০০ টাকা।

সংশ্লিষ্ট কোর্সে যাঁরা কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক (তিন বছরের) হয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন। যাঁরা ২০২৫ সালে স্নাতকের চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন, তাঁরাও আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজিত প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে। পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ ভিত্তিক। আগামী ১৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ক্যাম্পাসে পরীক্ষার আয়োজন করা হবে।

আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়েই সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন। আগামী ১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। প্রবেশিকা পরীক্ষার পর মেধাতালিকা প্রকাশ করা হবে ১৯ ডিসেম্বর। এর পর কোর্সের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে ডিসেম্বরের ২৩ তারিখ।

Advertisement
আরও পড়ুন