বাংলাদেশ এবং চিনের প্রতিনিধিরা। —ছবি : সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন সফরে নতুন রাজনৈতিক সমঝোতার অধ্যায় দেখল বেজিং। বৃহস্পতিবার তারেকের দল বিএনপি এবং একদলীয় শাসনাধীন চিনের শাসক কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র মধ্যে সই হয়েছে দ্বিপাক্ষিক সহযোগিতা সমঝোতাপত্র (মউ)।
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানাচ্ছে, বৃহস্পতিবার সকালে বেজিঙের সরকারি অতিথিশালা দিয়াওইউতাইয়ে ওই ‘মউ’ স্বাক্ষরিত হয়। বিএনপির পক্ষে দলের যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক) ও প্রধানমন্ত্রী তারেকের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চিনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং ‘মউ’ সই করেন।
দুই দলের পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতাপত্র সইয়ের সময় বাংলাদেশের মন্ত্রী তথা বিএনপি নেতা জহিরউদ্দিন স্বপন, শহিদউদ্দীন চৌধুরী অ্যানি, এম রশিদুজ্জমান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চিনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পর্বে সক্রিয় ভাবে পাকিস্তানি ফৌজকে সহায়তা করেছিল চিন। কিন্তু তারেকের পিতা সেনাপ্রধান জিয়াউর রহমানের ক্ষমতা দখল এবং বিএনপি প্রতিষ্ঠার পরে ঢাকা-বেজিং সম্পর্ক নিবিড় হতে শুরু করে।