মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)। ছবি: সংগৃহীত।
মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-এর তরফে বায়োটেকনোলজিতে এমটেক পড়ার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে ৩০ জনকে ভর্তি নেওয়া হবে। তবে আসনের সংখ্যা পরিবর্তনও হতে পারে।
পড়তে আগ্রহীদের বায়োটেকনোলজি, ফার্মাসি এবং সমতুল্য বিষয়ে স্নাতক অথবা জীববিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স কিংবা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। তবে, উভয় ক্ষেত্রে ৬০ শতাংশের বেশি নম্বর থাকা বাঞ্ছনীয়। এ ছাড়াও প্রার্থীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট ইন বায়োটেকনোলজি (গ্যাট-বি) বা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স টেস্টে উত্তীর্ণ হতে হবে।
আগ্রহীদের অনলাইনে ফর্ম পূরণ করে ভর্তি হওয়ার আবেদন জানাতে হবে। ফর্মের লিঙ্ক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শেষ দিন ১৩ জুলাই। মেধাতালিকা ১৭ জুলাই প্রকাশ করা হবে। ভর্তি হওয়ার সময় অ্যাডমিশন ফি ২৬ হাজার ৭০০ টাকা ধার্য করা হয়েছে।
বায়োটেকনোলজি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের পর ফার্মাসিউটিক্যাল, কৃষি কিংবা ম্যানুফ্যাকচারিং বিভাগের মতো ক্ষেত্রে কাজ কিংবা গবেষণার সুযোগ পাওয়া যায়। জীববিদ্যা (বায়োলজি), রসায়ন এবং ম্যাথেম্যাটিক্সে দক্ষতা থাকলে এই বিষয় নিয়ে ডিগ্রি কোর্স পড়তে পারবেন আগ্রহীরা। এ বার ওই বিষয় নিয়ে স্নাতকোত্তরে পড়ার জন্য গ্যাট বি-তে পাশ করা আবশ্যক।
চলতি বছর গ্যাট-বি নেওয়া হয়েছিল ১৭ মে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর তরফে ওই পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষার ফল ঘোষণা করা হয় ১০ জুন। ২০২৫-এ ১৩ হাজার ২৭২ জন পরীক্ষা দিয়েছিলেন। ২০২৬-এ ৯ হাজার ৫৩৮ পরীক্ষা দিয়েছিলেন।