— প্রতিনিধিত্বমূলক চিত্র।
বিদেশের মেডিক্যাল ডিগ্রি নিয়ে দেশে কাজ করতে হলে ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে। কোনও পড়ুয়া যদি বিদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস কোর্সের ক্লাস অনলাইনেও করে থাকেন, সে ক্ষেত্রেও এ দেশে প্র্যাকটিস করার জন্য ওই ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক। ন্যাশনাল মেডিক্যাল কমিশন-এর (এনএমসি) তরফে আন্ডার গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ড এই বিবৃতি জারি করেছে।
কমিশনের তরফে জানানো হয়েছে, অতিমারি পর্ব এবং তার পরবর্তী সময়ে যাঁরা বিদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল ডিগ্রি অর্জন করেছেন, তাঁদের কম্পালসরি রোটেটরি মেডিক্যাল ইন্টার্নশিপ করতেই হবে। এর জন্য বিভিন্ন রাজ্যের হাসপাতালে মোট ৪৩,২৫০টি আসন বরাদ্দ করা হয়েছে।
তবে, এ ক্ষেত্রে যাঁরা ১৮ নভেম্বর, ২০২১-এ কিংবা তার আগে বিদেশের মেডিক্যাল ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছেন, তাঁদের আলাদা করে একটি পরীক্ষা নেওয়া হবে। তার পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের ইন্টার্নশিপ করতে হবে কি না, তা যাচাই করা হবে। তবে, যাঁরা ১৮ নভেম্বর, ২০২১-এর পরে বিদেশি মেডিক্যাল ডিগ্রি অর্জন করেছেন, তাঁদের ক্ষেত্রে কম্পালসরি রোটেটরি মেডিক্যাল ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক।
সমস্ত রাজ্যের মেডিক্যাল কাউন্সিলকে ওই বাছাই পরীক্ষার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, যাঁরা বিদেশি ডিগ্রি নিয়ে এ দেশে প্র্যাকটিস করতে চান, তাঁরা ইন্টার্নশিপ সম্পূর্ণ করছেন কিনা, তা নিশ্চিত করার পরই নাম নথিভুক্তিকরণের অনুমোদন দিতে হবে রাজ্যগুলিকে। সে ক্ষেত্রে পড়ুয়াদের কাছে প্রশিক্ষণের পর ‘অফলাইন কম্পেনসেশন ট্রেনিং’ শংসাপত্রও থাকাও প্রয়োজন। উল্লিখিত নিয়ম না মেনে কোনও পড়ুয়ার নাম নথিভুক্তিকরণ করা হলে আইনানুগ ব্যবস্থা নেবে কমিশন।
কম্পালসরি রোটেটরি মেডিক্যাল ইন্টার্নশিপ কী?
চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এমবিবিএস ডিগ্রি অর্জনের পর পড়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পালসরি রোটেটরি মেডিক্যাল ইন্টার্নশিপের মাধ্যমে ওই প্রশিক্ষণ নেওয়ার সুযোগ মেলে। এ জন্য পড়ুয়াদের বিভিন্ন হাসপাতালে এক বছরের জন্য কাজও করতে হয়। পশ্চিমবঙ্গে বিদেশি ডিগ্রিপ্রাপ্তদের জন্য প্রশিক্ষণ নেওয়ার জন্য ২,৫৫৮টি আসন বরাদ্দ করা হয়েছে।