NEET UG 2026 cancelled

কৃত্রিম বুদ্ধিমত্তার নজরদারি থেকে জিপিএস ট্র্যাকিং, বজ্র আঁটুনি ছিল নিট ইউজি-র নিরাপত্তায়! কোন গেরো ফস্কে বেরোল প্রশ্নপত্র?

প্রশ্ন ফাঁস হয়েছে বলে স্বীকার করেনি এনটিএ-ও। তাদের বিবৃতিতে কোথাও সে কথা লেখা হয়নি। তবে তারা পরীক্ষা বাতিল প্রসঙ্গে প্রশ্নফাঁসের অভিযোগ ও তার তদন্তের কথাই উল্লেখ করেছে। দাবি, পরীক্ষার স্বচ্ছতা এবং পরীক্ষা নিয়ামক সংস্থার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৪:৫৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটসাঁট। প্রশ্নপত্র বহন করে নিয়ে গিয়েছিল যে গাড়ি, তাতে ছিল জিপিএস ট্র্যাকিং। প্রশ্নপত্রে ছিল বিশেষ জলছাপ। পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢোকানোর সময় তল্লাশির কড়াক়ড়িও ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চলেছিল নজরদারি। তবু এনটিএ বাতিল করল নিট ইউজি।

Advertisement

২২ লক্ষের বেশি পড়ুয়াকে ফের পরীক্ষায় বসতে হবে, জানিয়েছেন পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজন্সি (এনটিএ)। গত ৩ মে দেশজুড়ে আয়োজিত হয়েছিল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-এর (নিট) স্নাতক স্তরের পরীক্ষা।

পরীক্ষার পরই উঠতে শুরু করে প্রশ্নফাঁসের অভিযোগ। রাজস্থান ও উত্তরাখণ্ড থেকে সম্ভাব্য দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করে। তার প্রেক্ষিতে পুলিশের বিশেষ তদন্তকারী দল জানায়, তারা এমন কিছু তথ্য পেয়েছে যাতে সন্দেহ হচ্ছে প্রশ্ন ফাঁস হয়ে থাকত পারে। জানানো হয়, পরীক্ষার প্রায় দিন ১৫ বা একমাস আগে থেকেই সম্ভাব্য প্রশ্নের সংকলন পরীক্ষার্থীদের কাছে পৌঁছে যাচ্ছিল। সেখানে প্রায় ৪১০টি প্রশ্ন ছিল। যার মধ্যে জীববিদ্যা, রসায়নের ১২০টি প্রশ্নের হুবহু মিল পাওয়া গিয়েছে পরীক্ষার প্রশ্নে। এমনকি পরীক্ষা শুরু হওয়ার মাত্র ৪২ ঘণ্টা আগেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে এই প্রশ্ন পৌঁছেছিল বলে অভিযোগ।

রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসওজি) মনে করছে, ছাপাখানা থেকে প্রশ্ন ফাঁস করা হয়ে থাকতে পারে। হাতে লেখা একটি প্রশ্নপত্রও পাওয়া গিয়েছে। সে ক্ষেত্রে অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এনটিএ কর্তৃপক্ষ।

এসওজি-র অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বিশাল বনসল জানিয়েছেন, সম্ভাব্য প্রশ্নের সংকলন শুধুমাত্র অনুশীলনের জন্যই প্রকাশ করা হয়েছিল না কি তার সঙ্গে বড় কোনও প্রশ্নফাঁস চক্র জড়িয়ে রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রশ্ন ফাঁস হয়েছে বলে স্বীকার করেনি এনটিএ-ও। তাদের বিবৃতিতে কোথাও সে কথা লেখা হয়নি। তবে তারা পরীক্ষা বাতিল প্রসঙ্গে প্রশ্নফাঁসের অভিযোগ ও তার তদন্তের কথাই উল্লেখ করেছে। দাবি, পরীক্ষার স্বচ্ছতা এবং পরীক্ষা নিয়ামক সংস্থার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও পরীক্ষা বাতিল ঘোষণার সঙ্গে সঙ্গে জানানো হয়েছে এই তদন্তের ভার দেওয়া হয়েছে সিবিআই-কে। নতুন করে পরীক্ষা নেওয়ার কথাও জানিয়েছে এনটিএ। তবে ফের কবে পরীক্ষা হবে, কবে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে সে বিষয় এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা জারি করেনি এনটিএ।

Advertisement
আরও পড়ুন