JEE Mains 2026 Result

প্রকাশিত জেইই মেন জানুয়ারি পর্বের ফলাফল, বাকি রইল দ্বিতীয় পত্রের ফলঘোষণা

সোমবার সকালেই প্রকাশিত হয় জানুয়ারি পর্বের জেইই মেন-এর ‘চূড়ান্ত আনসার কি’। এর পর সন্ধ্যায় ঘোষণা করা হল ফলাফল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৫
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

পূর্ব ঘোষণা মেনেই প্রকাশ করা হল চলতি বছরের প্রথম পর্বের জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই মেন)-এর ফলাফল। সোমবার সন্ধ্যায়ব পরীক্ষার প্রথম পত্রের ফল ঘোষণা করল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)।

Advertisement

সোমবার সকালেই প্রকাশিত হয় জানুয়ারি পর্বের জেইই মেন-এর ‘চূড়ান্ত আনসার কি’। তার পর ঘোষণা হল প্রথম পত্রের ফলাফল। তবে এ দিন দ্বিতীয় পত্রে বিআর্ক এবং বিপ্ল্যান-এ ভর্তির জন্য পরীক্ষা ফল ঘোষণা করেনি এনটিএ।

গত ২১ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত জেইই মেন-এর প্রথম পর্বের পরীক্ষার আয়োজন করা হয়েছিল। দেশ এবং বিদেশের ৩২৬টি শহরের ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। প্রথম পত্রে বিই এবং বিটেক-এ ভর্তির পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিলেন ১৩,৫৫,২৯৩ জন। পরীক্ষা দেন ১৩,০৪,৬৫৩ জন। প্রথম পত্রে মোট ১২ জনের এনটিএ স্কোর ১০০। পশ্চিমবঙ্গ থেকে কুন্তল চৌধুরীর প্রাপ্ত এনটিএ স্কোর ৯৯.৯৯৮৪৯০৮।

পরীক্ষার্থীদের ফল দেখার জন্য নির্ধারিত ওয়েবসাইট http://jeemain.nta.nic.in/-এ গিয়ে রেজ়াল্টের লিঙ্কে ক্লিক করতে হবে। এর পর লগ ইন ডিটেলস দিলেই রেজাল্ট দেখা যাবে।

উল্লেখ্য, চলতি বছরে চূড়ান্ত আনসার কি প্রকাশে দেরি হওয়ায় চিন্তিত ছিলেন পরীক্ষার্থীরা। এর পর এনটিএ-র তরফে জানানো হয় ১৬ ফেব্রুয়ারির মধ্যে ফলঘোষণা হবে। নির্ধারিত সময়সীমা মেনেই প্রকাশ করা হল আনসার কি ও ফলাফল।

উল্লেখ্য, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি নিয়ে স্নাতকে ভর্তির জন্য প্রতি বছরই জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই) মেন-এর আয়োজন করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)।

Advertisement
আরও পড়ুন