— প্রতীকী চিত্র।
নিট ইউজি বাতিল হওয়ার পর থেকেই দেশ জুড়ে প্রশ্নফাঁস-সহ নানা জালিয়াতির অভিযোগের তিরে এনটিএ। সমাজমাধ্যমের গণ্ডি ছাড়িয়ে রাস্তায় নেমেও প্রতিবাদ হয়েছে। এরই মাঝে পরীক্ষার ছ’দিন আগে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করল এনটিএ। পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের মধ্যে আতঙ্ক তৈরি করা বা বিভ্রান্ত করার চেষ্টা করলে সরাসরি এনটিএ-কে অভিযোগ জানানোর পোর্টাল খোলা হল।
নিট ইউজি-কে কেন্দ্র করে যে কোনও ধরনের ভুয়ো দাবি, বেআইনি কনটেন্ট বা জালিয়াতি রুখতে একটি বিশেষ রিপোর্টিং প্ল্যাটফর্ম বা পোর্টাল চালু করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরীক্ষা প্রক্রিয়ার সততা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে বলে দাবি এনটিএ-এর। পরীক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে কোচিং ইনস্টিটিউট এবং সাধারণ মানুষ— যে কোনও সন্দেহজনক কার্যকলাপ দেখলেই এই পোর্টালে সরাসরি অভিযোগ জানানো যাবে।
কোন কোন বিষয়ে অভিযোগ জানানো যাবে?
প্রশ্নপত্র বা উত্তরপত্র ফাঁসের ভুয়ো দাবি— কোনও অননুমোদিত ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা মেসেজিং চ্যানেল যদি নিট ২০২৬-এর প্রশ্নপত্র বা উত্তরপত্র পাইয়ে দেওয়ার দাবি করে।
টাকার বিনিময়ে ফলাফলের প্রলোভন— কোনও ব্যক্তি বা গোষ্ঠী যদি অর্থের বিনিময়ে পরীক্ষার প্রশ্নপত্র, ফাঁস হওয়া পেপার বা নিশ্চিত ভাল ফলাফলের টোপ দেয়।
এনটিএ কর্মকর্তার ভুয়ো পরিচয়— কোনও ব্যক্তি যদি নিজেকে এনটিএ কর্মকর্তা, পরীক্ষার কর্মী বা সরকারি প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করে।
আতঙ্ক সৃষ্টি করা— পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের মধ্যে আতঙ্ক তৈরি করা বা বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা যে কোনও কার্যকলাপ।
কী ভাবে অভিযোগ জানাবেন?
কোনও ব্যক্তি যদি এমন কোনও জালিয়াতির শিকার হন, তবে তিনি ঘটনার বিবরণ, কোন প্ল্যাটফর্মে এটি দেখেছেন, তারিখ ও সময় উল্লেখ করতে পারবেন। এর পাশাপাশি প্রমাণ হিসেবে স্ক্রিনশট, লিঙ্ক বা কোনও ডকুমেন্ট আপলোড করার সুবিধাও থাকছে।
অভিযোগ জানানোর পোর্টাল: https://innovateindia.mygov.in/neet-ug-2026/ । এ ছাড়া এনটিএ-র অফিশিয়াল ওয়েবসাইট www.nta.ac.in এবং https://neet.nta.nic.in/-এর মাধ্যমেও এই অভিযোগ জানানো যাবে। জালিয়াতি রুখতে এনটিএ সরাসরি প্রেস ইনফরমেশন ব্যুরোফ্যাক্ট চেক ইউনিট এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে যৌথ ভাবে কাজ করছে বলেই জানানো হয়েছে।