ছবি: এক্স।
প্রশ্নফাঁস বিতর্কে মুখ পুড়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (এনটিএ)। আয়োজক সংস্থার তরফে পরিস্থিতি সামাল দিতে নতুন করে প্রবেশিকার আয়োজন করা হচ্ছে। আয়োজন ত্রুটি মুক্ত করতে পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ জন্য তাঁদের ‘পরীক্ষা কর্মযোগী’ শীর্ষক একটি বিশেষ কর্মসূচিতে যোগদান করতে হবে।
এনটিএ-এর তরফে এক্স হ্যান্ডল মারফত জানানো হয়েছে, মোট চারটি ধাপে আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই সম্পর্কে বিশদ তথ্য প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, অনলাইন মাধ্যমে আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে কে কতটা শিখলেন, তার মূল্যায়নও হতে চলেছে।
প্রথম পর্বে স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষার আয়োজন কী ভাবে করা উচিত— সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয় পর্বে পরীক্ষাকেন্দ্রের পরিকাঠামোগত বিষয়গুলি বিশদে জানানো হবে। একটি সর্বভারতীয় স্তরের প্রবেশিকার আয়োজনে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) মেনে চলা হয়, তার নিয়মও এই পর্বে শিখবেন আধিকারিকেরা। তৃতীয় পর্বে পরীক্ষার দিন কী ভাবে কোন কাজ সামলাতে হবে, তার প্রশিক্ষণ চলবে। চতুর্থ পর্বে পরীক্ষা আয়োজনের মূল নিয়মগুলি নিয়ে পর্যালোচনা করা হবে।
স্বচ্ছতার সঙ্গে পরীক্ষার আয়োজনের জন্য আধিকারিকদের দক্ষ করে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পরীক্ষার আগে তাঁদের যথাযথ প্রশিক্ষণের জন্য যে কর্মসূচি চালু করা হয়েছে, তাতে প্রযুক্তি নির্ভর বিষয়গুলিও হাতেকলমে শেখানো হবে। কারণ তাঁদের হাত ধরেই সুষ্ঠু ভাবে পরীক্ষার আয়োজন করা সম্ভব।
৩ মে প্রশ্নফাঁসের কারণে বাতিল করা হয়েছিল চিকিৎসাবিদ্যা বিষয়ে স্নাতক পড়ার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। ওই পরীক্ষা নতুন করে আবার ২১ জুন নেওয়া হবে। পরীক্ষার আগেই কেন্দ্রের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, পরীক্ষার আয়োজনে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।