NEET UG 2026

নিট ইউজি-র একসপ্তাহ বাকি, কবে অ্যাডমিট কার্ড হাতে পেতে পারেন পরীক্ষার্থীরা?

ইতিমধ্যেই এনটিএ সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। বাড়ি থেকে দূরে পরীক্ষাকেন্দ্র পড়লে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পৌঁছনোর ব্যবস্থা করতে পারেন, সে জন্যই খানিক আগে তা প্রকাশ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৭:৫৩
A week to go for Neet ug re-exam when will candidates get admit card

প্রতীকী চিত্র।

দেশের নজরে ২১ জুন। ওই দিনই আয়োজিত হতে চলেছে নিট ইউজি-র পুনঃপরীক্ষা। গত ৩ মে-র পরীক্ষা বাতিল হওয়ার পর থেকে প্রশ্নের মুখে আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। তাই পুনঃপরীক্ষা ঘিরে আঁটসাঁট ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement

এরই মধ্যে জানা গিয়েছে, রবিবার, ১৪ জুন অ্যাডমিট কার্ড হাতে পেতে পারেন পরীক্ষার্থীরা। এর আগেই সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে এনটিএ। মনে করা হচ্ছে, রবিবার, পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড প্রকাশ করতে চলেছেন কর্তৃপক্ষ। আবেদন নম্বর দিয়েই পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড পেতে পারবেন। ব্যবহার করতে হবে পাসওয়ার্ড বা জন্ম তারিখ।

কী ভাবে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড?

নিট-এর নিজস্ব ওয়েবসাইট neet.nta.nic.in-এ যেতে হবে।

নিট ইউজি রি-এগ্‌জ়াম অ্যাডমিট কার্ড অংশে ক্লিক করতে হবে।

এখানে অ্যাপ্লিকেশন নম্বর দিতে হবে, পাসওয়ার্ড বা জন্মতারিখ ব্যবহার করলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সুযোগ মিলবে।

ভবিষ্যতের জন্য তার প্রিন্ট আউট নিয়ে রাখা যেতে পারে।

২১ জুনের পুনঃপরীক্ষা নিয়ে এর আগেই একাধিক ঘোষণা করা হয়েছে এনটিএ-র তরফে। সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই পরীক্ষা হবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত। লিখিত পরীক্ষার পাশাপাশি নানা প্রশাসনিক কাজের জন্য এই অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হচ্ছে।

পরীক্ষার্থীদের সঙ্গে নিয়ে যেতে হবে—

১। অ্যাডমিট কার্ডের ছাপানো সংস্করণ

২। সচিত্র পরিচয়পত্র

এই দু’টি নথি সঙ্গে না থাকলে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে আধাসেনা। প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বায়ুসেনাকে। ইতিমধ্যেই এনটিএ সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। বাড়ি থেকে দূরে পরীক্ষাকেন্দ্র পড়লে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পৌঁছনোর ব্যবস্থা করতে পারেন, সে জন্যই খানিক আগে তা প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, ওড়িশা, পঞ্জাব, দিল্লি, উত্তরাখণ্ড সরকারের তরফে বিনামূল্যে বাস পরিষেবার আশ্বাস দেওয়া হয়েছে। ভিন্‌ রাজ্য থেকে কেউ পরীক্ষা দিতে এলেও এই বাস পরিষেবা পাবেন। সে জন্য পরীক্ষার্থীকে দেখাতে হবে তাঁর অ্যাডমিট কার্ডটি।

Advertisement
আরও পড়ুন