NEET Re Exam 2026

নিট পুনঃপরীক্ষার আয়োজন নিয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রশংসা প্রধানমন্ত্রীর, দিলেন সমন্বয় বজায় রেখে কাজের পরামর্শও

কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে সমন্বয় বজায় রেখে নিট পুনঃপরীক্ষার আয়োজন করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সুষ্ঠু ভাবে পরীক্ষা শেষ হওয়ার পরে সামগ্রিক আয়োজনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১২:২৮

ছবি: সংগৃহীত।

মন্ত্রিসভার বৈঠকে উঠে এল নিট পুনঃপরীক্ষার প্রসঙ্গ। ২১ জুন মেডিক্যালের স্নাতকে ভর্তির প্রবেশিকার আয়োজন নিয়ে প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে মন্ত্রক এবং বিভিন্ন সংস্থা সমন্বয় বজায় রেখে কাজ করেছে। প্রধানমন্ত্রীর পরামর্শ, ওই মডেলেই বিভিন্ন মন্ত্রকের গুরুত্বপূর্ণ কাজ করা হোক।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, পরীক্ষা শেষ হওয়ার পর মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। বৈঠকে সুষ্ঠু ভাবে পরীক্ষা আয়োজনের জন্য যে ভাবে কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলি সমন্বয় বজায় রেখে কাজ করেছে, তার প্রশংসা করেন তিনি। এই পদ্ধতিতেই দেশ জুড়ে উন্নয়নমূলক কাজ করা যেতে পারে বলেও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। নিট পুনঃপরীক্ষার জন্য বিভিন্ন মন্ত্রক, রাজ্য সরকার ও সরকারি দফতরগুলি যে দায়িত্ব পালন করেছে, তার রূপরেখা তুলে ধরেন তিনি। ২১ জুনের পরীক্ষায় ২৫০-র বেশি অবজ়ার্ভার দেশের ৫৫১টি এবং বিদেশের ১৪টি শহরের মোট ৫,৪৪০টি কেন্দ্রে নজরদারির কাজ সামলেছেন।

প্রশ্নফাঁস এবং অন্যান্য অপ্রীতিকর ঘটনা রুখতে প্রতিটি কেন্দ্রের প্রায় ৯৫ হাজারেরও বেশি ঘরে বসানো হয়েছিল ১ লক্ষ ৩৮ হাজার ৫৬০টি সিসি ক্যামেরা। আলাদা করে প্রতিটি কক্ষেই ইনভিজিলেটর ছিলেন। তবে পরীক্ষার্থীদের উপর নজরদারি করতে কৃত্রিম মেধার সাহায্যও নিয়েছে এনটিএ। পরীক্ষার দিন ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এনটিএ-এর সদর দফতরে এসেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও।

Advertisement
আরও পড়ুন