ICAI CA Intermediate Results 2026

সিএ ইন্টারমিডিয়েট পরীক্ষার ফল প্রকাশ করল আইসিএআই, শীর্ষ স্থানে মহারাষ্ট্রের শার্দূল

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন্টারমিডিয়েট পরীক্ষার ফল প্রকাশ করেছে দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই)।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৪:১৯

ছবি: সংগৃহীত।

প্রকাশিত হল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন্টারমিডিয়েট পরীক্ষার ফল। ২৪ জুন দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই)-র ওয়েবসাইট মারফত ফলাফল দেখে নিতে পারবেন পড়ুয়ারা। মে মাসে ওই পরীক্ষা নেওয়া হয়েছিল। এই পরীক্ষায় ৬০০-য় ৫৩১ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মহারাষ্ট্রের শার্দূল শেখর ভিচারে।

Advertisement

চলতি বছরের ইন্টারমিডিয়েট পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন কেরলের অভিনব সতীশ। তাঁর প্রাপ্ত নম্বর ৫৩০। তৃতীয় স্থানাধিকারী মহারাষ্ট্রের তীর্থ জৈন ৫১৯ নম্বর পেয়েছেন। সংশ্লিষ্ট পরীক্ষায় গ্রুপ ১ থেকে উত্তীর্ণ হয়েছেন ৯,৩৫০ জন। পাশের হার ১০.২৫ শতাংশ। গ্রুপ ২-এর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০,৩৭২ জন। পাশের হার ১৬.১১ শতাংশ। দু’টি গ্রুপের পরীক্ষা যাঁরা দিয়েছেন, তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২,৮২০ জন, পাশের হার ৮.৪৭ শতাংশ।

চলতি বছরের ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত গ্রুপ ১ এবং গ্রুপ ২-এর বিভিন্ন পত্রের পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার এক মাস পরে ফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় যাঁরা পাশ করেছেন, তাঁরা ৬০ দিনের মধ্যে আইসিএআই-এর তরফে পাশের শংসাপত্র পাবেন। এ ক্ষেত্রে কোনও পরীক্ষার্থী ওই শংসাপত্র না পেলে ই-মেল মারফত আবেদন জানাতে পারবেন।

পরীক্ষার্থীরা আইসিএআই ওয়েবসাইট মারফত ফলাফল দেখে নিতে পারবেন। অনলাইন মাধ্যমে মার্কশিট পাওয়ার পর তা প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। কারণ, এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই পরীক্ষার্থীরা সিএ ফাইনাল পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ৬ জুলাই থেকে। পরীক্ষা নভেম্বর মাসে হতে চলেছে।

Advertisement
আরও পড়ুন