কর্নফ্লাওয়ার মেশানো স্যুপ খেলে কি ওজন বেড়ে যায়? ছবি: সংগৃহীত।
স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ছে। আর অনেকেই সচেতন ভাবে স্বাস্থ্য ফেরাতে ওজন ঝরানোর পথে হাঁটতেও শুরু করছেন। কিন্তু তাতে কিছু সমস্যা রয়ে যাচ্ছে। ডায়েটে কী কী খাবেন, আর কী কী খাবেন না, সেই হিসাবের খাতায় বেশ কিছু গোলমাল থেকে যাচ্ছে। ফলে ডায়েট করেও শরীরের ফ্যাট পুড়ছে না। ওজন মাপার যন্ত্রেও কোনও হেরফের চোখে পড়ছে না। ওজন কমানোর ডায়েটে রাতের খাবারে এক বাটি স্যুপ খাওয়া ভীষণ স্বাস্থ্যকর। স্যুপ তো খাবেন, কিন্তু তাতে কর্নফ্লাওয়ার মেশালে কি ওজন বাড়তে পারে, এই প্রশ্ন অনেকের মনেই থাকে।
কর্নফ্লাওয়ার হল ভুট্টার স্টার্চের গুঁড়ো। কর্নফ্লাওয়ার খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, এটি গ্লুটেন ফ্রি-ও বটে। কর্নফ্লাওয়ার খেলে খুব তাড়াতাড়ি শরীরে শক্তির সঞ্চার হয়। পুষ্টিবিদ শ্রেয়া চক্রবর্তী বলেন, ‘‘কর্নফ্লাওয়ার রিফাইন্ড কার্বোহাইড্রেট বলে ডায়েটে খাওয়া যাবে কি না, সেই নিয়ে অনেকেরই চিন্তা থাকে। কর্নফ্লাওয়ারে কোনও রকম ফাইবার থাকে না। প্রক্রিয়াজাত করে তৈরি হয় বলে এতে কোনও রকম ভিটামিন আর খনিজ থাকে না। তাই কর্নফ্লাওয়ার শুধুই তাৎক্ষণিক শক্তি জোগায়। সুগারের রোগীদের ডায়েটে এই খাবারটি না রাখাই ভাল। রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে কর্নফ্লাওয়ার খেলে। স্যুপ ঘন করতে কর্নফ্লাওয়ার কাজে আসে। স্যুপ একটু ঘন হলেই খেতে ভাল লাগে না। ডায়েট চলাকালীন স্যুপ খেতে হলে তার সঙ্গে অন্য কোনও সিরিয়াল খাওয়া চলবে না। বেশি করে সব্জি আর প্রোটিন দিয়ে স্যুপ বানিয়ে নিন, তাতে অল্প কর্নফ্লাওয়ার মেশান। তবে এর সঙ্গে ভাত, রুটি বা পাউরুটি খাওয়া চলবে না। স্যুপটাই প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফাইবার ভরপুর হবে।’’
কর্নফ্লাওয়ার ছাড়া কী করে ঘন করবেন?
১) স্যুপ বানানোর সময়ে তাতে সামান্য ডাল কিংবা ওট্স মিশিয়ে নিতে পারেন। স্যুপ ঘন করতে এই পদ্ধতি বেশ কাজের।
২) স্যুপ বানিয়ে তার থেকে খানিকটা অংশ নিয়ে মিক্সিতে বেটে আবার স্যুপের সঙ্গে মিশিয়ে দিন। এতেও স্যুপ গাঢ় হয়ে যাবে।
৩) কিছু কিছু স্যুপে নারকেলের দুধও মেশানো যেতে পারে, এতে স্যুপ ঘনও হবে আর স্বাদও বাড়বে।