Viral Video

ভারত নিয়ে কটূক্তি, গালিগালাজ! ইটালিতে বাংলাদেশি ওয়েটারকে ক্ষমা চাইতে বাধ্য করালেন এ দেশের ‘সিংহী’রা, ভাইরাল ভিডিয়ো

ইটালির রেস্তরাঁয় বাংলাদেশি ওয়েটারের সঙ্গে ভারতীয় তরুণীর উত্তপ্ত বাদানুবাদের ভিডিয়োটি শেয়ার করা হয়েছে নেটপ্রভাবী খুশি দুবের অ্যাকাউন্ট থেকে। অনলাইনে ব্যাপক আলোচনার শুরু হয়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৬:৪১
Bangladeshi waiter in Italian restaurant make bad remarks about India, Indian women make him apologise

ছবি: ইনস্টাগ্রাম।

ইটালীয় রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন ভারতীয় তরুণী। সেখানকার বাংলাদেশি ওয়েটার ভারত-বিরোধী মন্তব্য করায় তাঁর সঙ্গে ঝামেলা বাধল তাঁর। রেগে ওই ওয়েটারকে চড় মারার কথাও শোনা গেল তরুণীর মুখে। বাংলাদেশি ওয়েটারকে দিয়ে ক্ষমাও চাওয়ালেন তিনি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ইটালির রেস্তরাঁয় বাংলাদেশি ওয়েটারের সঙ্গে ভারতীয় তরুণীর উত্তপ্ত বাদানুবাদের ভিডিয়োটি শেয়ার করা হয়েছে নেটপ্রভাবী খুশি দুবের অ্যাকাউন্ট থেকে। অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সেই ভিডিয়োটি। ওই ভিডিয়োয় হোসেন নামের এক ওয়েটারকে খুশি এবং তাঁর বান্ধবীদের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা যায়। ভিডিয়োয় দেখা যায়, বিল পরিশোধের সময় হোসেন খুশিদের সঙ্গে তর্ক করছেন এবং তাঁদের উদ্দেশে কটূক্তি করছেন। তরুণীরা সঙ্গে সঙ্গে ওয়েটারের আচরণের প্রতিবাদ করেন এবং জানান, তিনি তাঁদের সঙ্গে অসম্মানজনক ভাবে কথা বলতে পারেন না।

বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে হোসেন খুশিদের দেশ নিয়ে মন্তব্য করেন। বলেন, ‘‘তোমরা তোমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছ।’’ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন হোসেন আপত্তিকর মন্তব্য অব্যাহত রাখেন এবং ভারত নিয়ে অশালীন মন্তব্য করেন। ভিডিয়ো অনুযায়ী, ভারত নিয়ে আরও মন্তব্য করতে থাকেন বাংলাদেশি ওয়েটার। ফলে দৃশ্যতই ক্ষুব্ধ হয়ে পড়েন খুশিরা। ভিডিয়োয় খুশিকে ক্ষোভপ্রকাশ করতে শোনা যায়। তিনি বলেন, ‘‘টাকা দিয়ে চল, না হলে আমি ওকে চড় মেরে দেব।’’ উত্তপ্ত পরিস্থিতি সত্ত্বেও খুশি এবং তাঁর বন্ধুরা ওয়েটারের আচরণের প্রতিবাদ করতে থাকেন এবং তাঁর ভারত-বিরোধী মন্তব্যের জন্য কৈফিয়ত দাবি করেন। যদিও ঠিক কী কারণে এই বিবাদের সূত্রপাত হয়েছিল তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট হয়নি।

ভিডিয়োর পরবর্তী অংশে দেখা যায়, ইটালীয় পুলিশকর্তাদের উপস্থিতিতে খুশি ও তাঁর বান্ধবীরা হোসেনের সঙ্গে কথা বলছেন। খুশিরা পুলিশকে জানান, ভারত-বিরোধী যে সব মন্তব্য হোসেন করেছিলেন, তা যেন তিনি স্বীকার করেন এবং ক্ষমা চান। হোসেন প্রথমে ক্ষমা চাইতে অনিচ্ছুক মনে হলেও খুশি নিজের অবস্থানে অনড় ছিলেন। তিনি বার বার তাঁকে যথাযথ ভাবে ক্ষমা চাইতে বলেন। বলেন, ‘‘বলো, ভারতের উদ্দেশে কটু কথা বলার জন্য আমি দুঃখিত।’’ ভিডিয়ো থেকে বোঝা যায়, খুশি এবং তাঁর বান্ধবীরা ওয়েটারকে তাঁর মন্তব্যের জন্য জবাবদিহি করতে বাধ্য করাতে সফল হয়েছিলেন।

অনলাইনে পোস্ট করার পর থেকেই ভিডিয়োটি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে নেটাগরিকদের। অনেক সমাজমাধ্যম ব্যবহারকারী খুশি এবং তাঁর বন্ধুদের নিজেদের অবস্থানে দৃঢ় থাকার জন্য সাধুবাদ জানিয়েছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ভারতের সিংহীরা। যে ভাবে তোমরা ওই ওয়েটারকে ভারতের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছ, তার জন্য তোমাদের কুর্নিশ জানাই। তোমরা প্রকৃত দেশপ্রেমিক। তোমাদের বন্ধুদের নিয়েও গর্ববোধ করছি।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘পরিস্থিতি তোমরা যে ভাবে সামলেছ তা দারুণ লেগেছে। আমি হলে হয়তো গায়ে হাত তুলতাম।’’ তৃতীয় এক জন আবার মন্তব্য করেছেন, ‘‘দয়া করে রেস্তরাঁটির নাম উল্লেখ করুন, যাতে আমরা বাকিরা একই অভিজ্ঞতার মুখোমুখি হওয়া থেকে বাঁচতে পারি।’’

Advertisement
আরও পড়ুন