Election Commission

ছাত্রস্বার্থে শিক্ষকদের ফেরাতে হবে স্কুলে, নির্বাচন কমিশনে স্মারকলিপি ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ

বহু স্কুলে সিলেবাস শেষ করানো দূরের কথা অর্ধেকও করানো যায়নি বলে দাবি

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৭:১৯
Deputation at Election Commission office

নির্বাচন কমিশনের দফতরে স্মারকলিপি জমা দিল ভোটকর্মী এবং বিএলও ঐক্য মঞ্চ । নিজস্ব চিত্র।

আগামী এপ্রিল থেকে বিভিন্ন স্কুলে সামেটিভ পরীক্ষা শুরু হচ্ছে। তাই রাজ্যের সর্বত্র শিক্ষকদের স্কুলে ফেরানোর দাবি নিয়ে রাজ্যের নির্বাচন কমিশনের দফতরে আবেদন জানাল ভোটকর্মী এবং বিএলও ঐক্য মঞ্চ।

Advertisement

গত নভেম্বর থেকে শিক্ষকেরা এসআইআর কাজে যুক্ত। তারপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পরীক্ষকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পরীক্ষার খাতা দেখার কাজও করতে হচ্ছে। অভিযোগ এই পরিস্থিতিতে স্কুলের পঠনপাঠনে প্রভাব পড়েছে। শিক্ষকদের একাংশের দাবি, এই সময় স্কুলের কাজে যোগ দিতে পারলে মার্চে কিছু ক্লাস নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা যেতে পারে। কারণ পাঠ্যক্রমের অর্ধেকও শেষ করানো যায়নি।

সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “বর্তমানে এসআইআর-এর কাজে আর কিছুই করার নেই। তাই নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছি যেন দ্রুত সকল শিক্ষককে ফের নিজের স্কুলে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। না হলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে।”

তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই তিনটি বিধানসভা কেন্দ্র থেকে স্কুল শিক্ষকদের কাছে নির্দেশ এসেছে যেন তাঁরা নিজেদের স্কুলে আবার যোগ দিতে পারবেন, তবে পরবর্তী সময়ে প্রয়োজনে ফের কমিশনের কাজে যোগ দিতে হতে পারে। কিন্তু এই নির্দেশ রাজ্যের সর্বত্র দেওয়া হয়নি। সে জন্যই স্মারকলিপি দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, “রাজ্যের বহু পড়ুয়া সরকারি স্কুলের উপরে নির্ভরশীল। সেখানে এই ভাবে মাসের পর মাস অন্য কাজে ব্যস্ত থাকলে ওরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়।”

Advertisement
আরও পড়ুন