বিতর্কে মুখ খুললেন বাদশা। ছবি: সংগৃহীত।
বাদশার সম্প্রতি মুক্তি পাওয়া হরিয়ানভি মিউজ়িক ভিডিয়ো ‘টটীরী’ নিয়ে যত গোলযোগ। অভিযোগ, এই গানে স্কুলের পোশাক পরা মেয়েদের দেখানো হয়েছে। তাঁরা কাঁধের ব্যাগ নামিয়ে গানের সঙ্গে হঠাৎ নেচে উঠেছেন। অভিযোগকারীদের দাবি, এই ধরনের দৃশ্য সমাজে ভুল বার্তা ছড়াতে পারে। এ ছাড়াও, আপত্তিকর ভাষাপ্রয়োগের অভিযোগও উঠেছে। হরিয়ানা পুলিশ ইতিমধ্যেই ‘লুক আউট’ নোটিস জারি করেছে তাঁর বিরুদ্ধে। তাঁকে যে কোনও মুহূর্তে গ্রেফতার করা হতে পারে বলে ঘোষণা করা হয় পুলিশের তরফে। এ বার প্রকাশ্যে এলেন বাদশা। বলেন, ‘‘হরিয়ানার ছেলে ভেবে ক্ষমা করে দিন।’’
শনিবার সকালেই হরিয়ানা পুলিশের সমাজামাধ্যমের পাতায় জানানো হয়েছে, ‘অশ্লীল’ ও ‘আপত্তিকর’ গান গাওয়ার জন্য বাদশার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি করা হচ্ছে। যে কোনও মুহূর্তে তিনি গ্রেফতার হতে পারেন, সেই আভাসই দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, বাদশার ‘টটীরী’ গানটি বিভিন্ন সমাজমাধ্যমের পাতা থেকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। বেলা গড়াতেই নিজের সমাজমাধ্যমের পাতা থেকে লাইভে এসে বলেন, ‘‘সম্প্রতি আমার নতুন গান টটীরী মুক্তি পেয়েছে এবং আমি দেখতে পেয়েছি এই ভিডিয়োয় যে বার্তা দেওয়া হয়েছে তা অনেক মানুষের, বিশেষ করে আমার নিজের হরিয়ানভি সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে।’’
র্যাপার আরও জানান যে, তিনি নিজে হরিয়ানার ছেলে এবং সেই সম্প্রদায়ের কাউকে আঘাত করার ইচ্ছা তার ছিল না। তিনি বলেন, ‘‘আমি নিজে হরিয়ানার। যাঁরা আমাকে চেনেন তাঁরা জানেন যে আমার ভাষা, খাবার, জীবনযাত্রা এবং পরিচয় গভীর ভাবে হরিয়ানভি। আমি একজন অত্যন্ত গর্বিত হরিয়ানভি। হরিয়ার কোনও শিশু বা মহিলার সম্পর্কে অসম্মানজনক কিছু বলার আমার কখনও ইচ্ছা ছিল না।’’
পাশাপাশি, তিনি অগণিত অনুরাগীদের কাছেও ক্ষমা চেয়েছেন। তবে কোনও অসদুদ্দেশ্যে এই গান যে বানাননি সেটাও জানান। সবশেষে বাদশা ক্ষমা চেয়ে বলেন, ‘‘আশা করি, হরিয়ানার ছেলে ভেবে আমাকে ক্ষমা করে দেবেন।’’