CU UG Exam

বিএ-বিএসসি পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে! ভোটের মুখে সিদ্ধান্ত নিতে পারেন কর্তৃপক্ষ

বিএ, বিএসসি, বিকম (অনার্স ও মেজর) তৃতীয় ও পঞ্চম সেমেস্টারের পরীক্ষা চলবে আগামী ২৪ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত। কেন্দ্রীয় বাহিনী থাকার ফলে একাধিক কলেজে তৈরি হয়েছে সমস্যা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে ১৪৫টির বেশি কলেজ। তার মধ্যে ১২টি কলেজে স্থানাভাব।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৯:০৮
গ্রাফিক: আনন্দবাজার ডট কম

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে শুরু হতে চলেছে স্নাতক স্তরের পরীক্ষা। আগামী ২৪ মার্চ থেকে ওই পরীক্ষা শুরুর আগেই বহু কলেজে থাকতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। ফলে পরীক্ষা পরিচালনা নিয়ে সমস্যায় কর্তৃপক্ষ। সে সমস্যা সমাধানেই সচেষ্ট হল কলকাতা বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন রেজিস্ট্রার।

Advertisement

২০২৫–এর বিএ, বিএসসি, বিকম (অনার্স ও মেজর) তৃতীয় ও পঞ্চম সেমেস্টারের সঙ্গেই বৃত্তিমূলক কোর্সের তৃতীয় সেমেস্টার পরীক্ষা চলবে আগামী ২৪ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত। কেন্দ্রীয় বাহিনী থাকার ফলে একাধিক কলেজে তৈরি হয়েছে সমস্যা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে ১৪৫টির বেশি কলেজ। তার মধ্যে ১২টি কলেজে স্থানাভাব। সেখানেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ফলে কর্তৃপক্ষ সাফ জানিয়েছেন, তাঁরা পরীক্ষা নিতে পারবেন না।

এই কলেজগুলির মধ্যে রয়েছে চারুচন্দ্র কলেজ, জয়পুরিয়া কলেজ, সিটি কলেজ, বেহালা সরশুনা কলেজ, শিবনাথ শাস্ত্রী কলেজ এবং গুরুদাস কলেজের মতো একাধিক কলেজ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস বলেন, “ভোট হলেও পরীক্ষা করাতে হবে ছাত্র-ছাত্রীদের স্বার্থে। যে সব কলেজে আধাসেনা রাখা হয়নি, সেখানে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি। এরপরেও যদি সমস্যা হয় বিকল্প হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা নেওয়ার ভাবনা-চিন্তাও করা হচ্ছে।”

উত্তর কলকাতার শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজে অধ্যক্ষ মধুচন্দা লাহিড়ী জানান, “সিআরপিএফ যে কোনও দিন কলেজে প্রবেশ করবে। কলেজে মোট ১৮টি ঘর রয়েছে। সব ক’টি ঘরে বাহিনী থাকবে হবে বলে জানা গিয়েছে। তাই পরীক্ষা করা কার্যত অসম্ভব।”

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক জয়ন্ত সিংহ বলেন, “১২টি কলেজের ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই অন্যত্র পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি। কিছু কলেজ নিজেরাই বিকল্প ব্যবস্থা করেছে।” শুধু লিখিত পরীক্ষা নয়, পাশাপাশি প্র্যাকটিক্যাল চলবে ২৭ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত। আর প্রথম সেমেস্টারের প্রাকটিক্যাল চলবে তৃতীয় সেমেস্টারের মাঝে।

Advertisement
আরও পড়ুন