Group C exam

নির্বিঘ্নে শেষ গ্রুপ সি পরীক্ষা, এসেছিলেন বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের পরীক্ষার্থীরাও

ভিন রাজ্যের পরীক্ষার্থীদের সংখ্যা ছিল ৪৮৯৩। এর মধ্যে থেকে বেশির ভাগ এসেছিলেন বিহার থেকে। সেখান থেকে ১৭৩৮ জন পরীক্ষা দিতে আসেন। এছাড়া ঝাড়খন্ড থেকে ১৪০০ জন এবং উত্তরপ্রদেশ থেকে ১২০০ জন পরীক্ষার্থী এসেছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৬:৪৪
নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

নির্বিঘ্নে শেষ হল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি-র লিখিত পরীক্ষা। প্রশ্ন সোজা হয়েছে বলে জানিয়েছেন বেশির ভাগ চাকরিপ্রার্থী। উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড থেকে পরীক্ষা দিতে এলেন পরীক্ষার্থীরা।

Advertisement

বিধানসভা নির্বাচনের আগে রবিবার রাজ্যে গ্রুপ সি পদে শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা গ্রহণ করা হল। ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে এসেছিলেন ৪ হাজারেরও বেশি পরীক্ষার্থী। এসএসসি সূত্রের খবর, ভিন রাজ্যের পরীক্ষার্থীদের সংখ্যা ছিল ৪৮৯৩। এর মধ্যে থেকে বেশির ভাগ এসেছিলেন বিহার থেকে। সেখান থেকে ১৭৩৮ জন পরীক্ষা দিতে আসেন। এছাড়া ঝাড়খন্ড থেকে ১৪০০ জন এবং উত্তরপ্রদেশ থেকে ১২০০ জন পরীক্ষার্থী এসেছিলেন।

মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজে সিট পড়েছিল বিহারের বাসিন্দা অরবিন্দ যাদবের। তিনি বলেন, "বেশ কয়েক বছর হয়ে গেল বিহারে সরকারি চাকরিতে নিয়ো্গের পরীক্ষা আর হয় না। তাই আমরা ভিন রাজ্যের সরকারি পরীক্ষাগুলি দিয়ে থাকি। এখানকার পরীক্ষা ব্যবস্থায় আমরা খুশি।"

পরীক্ষা নিয়ে আশঙ্কায় ছিলেন 'যোগ্য' চাকরিহারা থেকে শুরু করে নতুন চাকরিপ্রার্থীরা। পরীক্ষার পর বেরিয়ে অনেকেই জানিয়েছেন প্রশ্ন ভাল হয়েছে। অনেকের আশা ৫৫ নম্বরের উপর পাবেন। পরীক্ষার্থী শ্রুতি দত্ত বলেন, "প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যে ধরনের প্রশ্ন এসেছে তা ঠিক আছে। ৫০ থেকে ৫৫ নম্বর পাব।" ওএমআর শিটের কার্বন কপি দেওয়ায় পরীক্ষার্থীরা খুশি।

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "পরীক্ষার নির্বিঘ্নে হয়েছে। শুনেছি প্রশ্ন নিয়ে‌ও পরীক্ষার্থীদের কোন‌ও অভিযোগ নেই। মালদহ, উত্তর চব্বিশ পরগনা, জলপাইগুড়ি বর্ধমান সহ বেশ কিছু জেলায় প্রার্থীরা মোবাইল নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করেছিল। তাঁদের পরীক্ষা বাতিল করা হয়েছে।"

বিহারের বেগুসরাই থেকে পরীক্ষা দিতে এসেছেন বিকাশ কুমার। তিনি বলেন, "আমি বিভিন্ন রাজ্যে গিয়ে সরকারি পরীক্ষা দিয়ে থাকি।" পরীক্ষার নিরাপত্তা থেকে শুরু করে প্রশ্ন নিয়ে তিনি খুশি। ৪৫ থেকে ৫০ নম্বর পাবেন বলে আশা করছেন।

গ্রুপ সি-তে শূন্য পদের সংখ্যা ২৯৮৯। রাজ্যজুড়ে ১৬৯৩ টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা শুরু হয় বেলা ১২টায়। শেষ হয় ১ টা ৫০ মিনিটে। ৬০ নম্বরের পরীক্ষা। গ্রুপ সি-তে মোট পরীক্ষার্থী সংখ্যা ৮ লক্ষ চার হাজার।

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডেলে বলেন, "মোট আবেদনকারীর মধ্যে এদিন ৮৪ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন‌। উল্লেখযোগ্য ভাবে ৪৮৯৩ জন ভিন রাজ্যের পরীক্ষার্থী। যাঁদের মধ্যে ডবল ইঞ্জিন সরকারের উত্তরপ্রদেশ ও বিহার থেকে প্রায় তিন হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। অপপ্রচার সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রতি দলমত নির্বিশেষে পরীক্ষার্থীদের আস্থার এটি এক জ্বলন্ত দৃষ্টান্ত।"

Advertisement
আরও পড়ুন