UG admission 2026

অবশেষে খুলল কলেজে ভর্তির অভিন্ন পোর্টাল! বিলম্বের কারণে ক্ষোভ পড়ুয়া-শিক্ষকদের মধ্যে

নির্দিষ্ট সময়ের কয়েক ঘণ্টা পরও অভিন্ন পোর্টালে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হয়নি। ১৯ মে দুপুরের পর থেকে দ্বাদশোত্তীর্ণ পড়ুয়ারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে আবেদন করতে পারছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৭:২৯
চালু হল অভিন্ন পোর্টাল।

চালু হল অভিন্ন পোর্টাল। ছবি: সংগৃহীত।

চালু হল কলেজে ভর্তির অভিন্ন পোর্টালের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে গত ১৪ মে। উচ্চশিক্ষা দফতরের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী অভিন্ন পোর্টাল (সেন্ট্রালাইজ়ড পোর্টাল) খোলার কথা ছিল ১৮ মে সন্ধ্যার পর।

Advertisement

তবে, রাত কেটে গেলেও দেখা যাচ্ছিল পোর্টালে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হয়নি। যদিও ১৯ মে দুপুরের পর থেকে পড়ুয়ারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে আবেদন করতে পারছেন। সূত্রের খবর, ওবিসি সংরক্ষণ নিয়ে কিছু বিভ্রান্তির কারণে পোর্টালে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে দেরি হচ্ছিল। এই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় বলেছিলেন, ‘‘পোর্টাল দেরিতে খুলল, কোনও নির্দেশিকা ছিল না। ফলে লক্ষ লক্ষ পড়ুয়া উদ্বেগে ভুগলেন। সরকারি তরফে বিবৃতি দেওয়া উচিত ছিল।” তাঁর দাবি, গত কয়েক বছরে দেখা গিয়েছে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পড়ুয়াদের। এই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, “ভর্তি ব্যবস্থা সুস্থ ভাবে যাতে সম্পন্ন করা যায়, তার ব্যবস্থা সরকারকে করতে হবে। পাশাপাশি স্বচ্ছ দুর্নীতিমুক্ত ভাবে সেই প্রক্রিয়া পরিচালনা করার জন্য উপযুক্ত পরিকল্পনা প্রয়োজন।’’

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে রাজ্যে বিভিন্ন কলেজে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এই অভিন্ন পোর্টালের মাধ্যমে। গত বছরও নির্ধারিত সময়ের পেরিয়ে গেলেও পোর্টাল খুলতে পারেননি পড়ুয়ারা।

সূত্রের খবর, চলতি বছর ওবিসি-এ বা ওবিসি-বি বিভাগ রাখা হচ্ছে না। এই সিদ্ধান্তের কারণেই কিছুটা দেরিতে পোর্টাল চালু করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও সরকারি ভাবে শিক্ষা দফতরের তরফে এখনও পর্যন্ত এমন কোনও সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি।

অভিন্ন পোর্টালের মাধ্যমে ৪৬০টি সরকার এবং সরকার পোষিত কলেজ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একজন পড়ুয়া একটি বা একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বাধিক ২৫টি বিষয়ের জন্য আবেদন করতে পারেন। এ জন্য কোনও ফি লাগবে না। যে সব ভারতীয় পড়ুয়া যে কোনও বোর্ড থেকে দ্বাদশ সমতুল্য পরীক্ষায় পাশ করেছেন তাঁরা আবেদন করতে পারবেন। আবেদনকারী পড়ুয়ারা নিজের পছন্দ মতো তালিকা তৈরি করতে পারবেন।

আবেদন করবেন কী ভাবে?

উচ্চশিক্ষার ওয়েবসাইটে নির্দিষ্ট স্থানে গিয়ে এই আবেদন করা যাবে। https://banglaruchchashiksha.wb.gov.in বা, https://wbsche.wb.gov.in লিঙ্কে যেতে হবে। সেখানে ‘সেন্ট্রালাইজড অ্যাডমিশন’ ক্লিক করে ভর্তির আবেদন করা যাবে। অথবা সরাসরি https://wbcap.in গিয়েও আবেদন করতে পারেন পড়ুয়ারা। ভর্তির সময়ে শুধুমাত্র এই পোর্টালের মাধ্যমেই টাকা জমা করা যাবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। ১ জুন পর্যন্ত রেজিস্ট্রেশন এবং আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে। ৯ জুন কলেজ এবং বিষয় ভিত্তিক মেধাতালিকা প্রকাশ করা হবে। ৯ থেকে ১৫ জুন বরাদ্দ আসনসংখ্যার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ২০ থেকে ২৩ জুন পর্যন্ত বরাদ্দ আসনের আপগ্রেড রাউন্ডের ভিত্তিত ভর্তি প্রক্রিয়া চলবে। ২৭ জুন থেকে ৪ জুলাই সরাসরি যাচাইয়ের জন্য ভর্তি হওয়া পড়ুয়াদের যেতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানে। ৬ জুলাই থেকে শুরু হবে ক্লাস।

Advertisement
আরও পড়ুন