—প্রতিনিধিত্বমূলক চিত্র।
চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে কয়েকটি রাজ্যের বিধানসভার উপনির্বাচনও রয়েছে। ভোটমুখী রাজ্যগুলির নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত ৬৫০ কোটি টাকার মাদক, মদ, গয়না এবং বেআইনি অর্থ বাজেয়াপ্ত হয়েছে। রবিবার এমনই জানাল নির্বাচন কমিশন। তবে এখনও পর্যন্ত যা বাজেয়াপ্ত হয়েছে, তার মধ্যে অর্ধেকই পশ্চিমবঙ্গ থেকে। তার পরেই রয়েছে তামিলনাড়ু।
রবিবার কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৩১৯ কোটি টাকার মাদক, মদ, গয়না এবং বেআইনি অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্য থেকে বাজেয়াপ্ত হয়েছে ১৭০ কোটি টাকার বেআইনি জিনিস।
গত ১৫ মার্চ নির্বাচনের দিন ঘোষণা করে কমিশন। ওই সময় থেকেই কার্যকর হয় আদর্শ নির্বাচনী বিধি। কমিশন জানায়, অবাধ এবং হিংসামুক্ত ভোট করানোই তাদের উদ্দেশ্য। সেই কারণে ভোটমুখী পাঁচ রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং তার আশপাশের রাজ্যের পুলিশ এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করে কমিশন। নজরদারি বাড়ানো হয়। আন্তঃরাজ্য সীমানাগুলিতে বেশি নজর দেওয়া হয়েছে। একই সঙ্গে দিকে দিকে বাড়ানো হয়েছে নাকা চেকিংও।
কমিশন জানিয়েছে, বাজেয়াপ্ত হওয়া জিনিসের বৈধতা নির্ধারণ করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। ১০০ মিনিটের মধ্যে অভিযোগগুলি নিষ্পত্তির কথা রয়েছে। সেই জন্য ভোটমুখী রাজ্যগুলিতে ৫,১৭৩ ফ্লাইং স্কোয়াড কাজ করছে। এ ছাড়াও, বিভিন্ন স্থানে নাকা চেকিংয়ের জন্যও রয়েছে বিশেষ বাহিনী। বিধানসভা উপনির্বাচনও রয়েছে কয়েকটি রাজ্যে। সেখানেও নিরাপত্তা জোরদার করেছে কমিশন।