তুফানগঞ্জের তৃণমূল প্রার্থী শিবশঙ্কর পাল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
তুফানগঞ্জ থেকে তৃণমূলের টিকিটে এ বার লড়ছেন বাংলা ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল। প্রথম বার ভোটের ময়দানে তিনি। আগামী ২৩ এপ্রিল ওই বিধানসভা কেন্দ্রে নির্বাচন। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সংশ্লিষ্ট দফতরে মনোনয়ন জমা দিলেন শিবশঙ্কর। তাঁর নামে ক’টি গাড়ি, বাড়ি আছে, তা মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় জানালেন তিনি।
খেলার ময়দান ছেড়ে রাজনৈতিক ময়দানে এই প্রথম শিবশঙ্কর। লড়াইটা নতুন। ওই আসনে বিজেপির টিকিটে লড়ছেন মালতী রাভা রায়। ২০২১ সালের বিধানসভা ভোটে তাঁকেই প্রার্থী করেছিল বিজেপি। জিতেওছিলেন। এ বার তাঁর বিরুদ্ধে লড়াইয়ে শিবশঙ্কর। তুফানগঞ্জ বিজেপির ‘শক্ত ঘাঁটি’। সেই ঘাঁটিতে ‘পদ্ম’ সরিয়ে ‘ঘাসফুল’ ফোটাতে পারবেন কি শিবশঙ্কর? রাজনৈতিক কারবারিদের একাংশের মতে, লড়াইটা কঠিন। তবে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিপক্ষকে জোর টক্কর দেবেন বাংলার এই প্রাক্তন ক্রিকেটার।
বাংলা ক্রিকেট দলের হয়ে রঞ্জি খেলেছেন। ময়দানে ম্যাকো নামে পরিচিত তিনি। তুফানগঞ্জেই জন্ম। শুধু বাংলার হয়ে নয়, ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছিলেন। তবে অভিষেক হয়নি। যদিও বাংলা ক্রিকেট দলে দীর্ঘ দিন খেলেছেন। এ বার ভোটের ময়দানে তাঁর অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ‘উন্নয়ন’। তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে উন্নয়নের বার্তা নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন তিনি। হলফনামায় শিবশঙ্কর জানিয়েছেন, তাঁর নামে কোনও অপরাধের রেকর্ড নেই।
হলফনামায় শিবশঙ্কর তাঁর এবং স্ত্রী দেবশ্রী বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর হাতে নগদ রয়েছে ৫২ হাজার ১৫৪ টাকা। স্ত্রীর হাতে রয়েছে ৪৫ হাজার ১২০ টাকা। দু’জনেই চাকুরিজীবী। হলফনামা অনুযায়ী, শিবশঙ্করের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৩০৪ টাকা আর স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে ১৫,৪৫১ টাকা। বর্তমানে শিবশঙ্করের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৮ লক্ষ ৬৪ হাজার ৯৬৪ টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তি রয়েছে ১২ লক্ষ ৫৫ হাজার ৮২৬ টাকার।
বেশ কিছু জায়গায় শিবশঙ্কর এবং তাঁর স্ত্রীর নামে বিনিয়োগ রয়েছে। এ ছাড়াও, এনএসসি, পোস্টাল সেভিং, বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রেও কয়েক লক্ষ টাকা জমা রয়েছে শিবশঙ্করের। তাঁর দু’টি গাড়ি এবং একটি বাইক রয়েছে বলে হলফনামায় জানিয়েছেন তিনি। তুফানগঞ্জে থাকলেও কলকাতায় তাঁর একাধিক ফ্ল্যাট বাড়ি রয়েছে। শিবশঙ্করের স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৩২ লক্ষ ১৩ হাজার ৭৫০ টাকা। আর স্ত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ ২৫ লক্ষ ২ হাজার ৫০০ টাকা। দু’জনের নামেই ঋণ রয়েছে। মোট ঋণের পরিমাণ প্রায় ৮৭ লক্ষ টাকা।
৪৬ বছর বয়সি শিবশঙ্কর মাধ্যমিক পাশ। ১৯৯৮ সালে তিনি মাধ্যমিক পাশ করেছিলেন। তার পরেই ক্রিকেটের টানে ময়দানে নেমেছিলেন তুফানগঞ্জের তৃণমূল প্রার্থী।