West Bengal Assembly Election 2026

খুনের মামলা ঝুলছে উদয়নের নামে, সম্পত্তির সঙ্গে বেড়েছে দেনাও! কত কোটির মালিক দিনহাটার তৃণমূল প্রার্থী

গত ২ এপ্রিল দিনহাটার তৃণমূল প্রার্থী হিসাবে উদয়ন মনোনয়ন জমা দিয়েছেন। ২০২১ সালেও তিনি এই কেন্দ্র থেকে লড়েছিলেন। গত পাঁচ বছরে সম্পত্তির সঙ্গে বেড়েছে তাঁর দেনাও।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৩:২৬
দিনহাটার তৃণমূলপ্রার্থী উদয়ন গুহ।

দিনহাটার তৃণমূলপ্রার্থী উদয়ন গুহ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কোচবিহারের দিনহাটার তৃণমূল প্রার্থী তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের সম্পত্তি গত পাঁচ বছরে বেশ খানিকটা বেড়েছে। দিনহাটার তিন বারের বিধায়ক তিনি। এ বারও তাই তাঁর উপরেই ভরসা রেখেছে দল। আগামী ২৩ এপ্রিল প্রথম দফাতে তাঁর কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। উদয়নের বিরুদ্ধে এ বার বিজেপি প্রার্থী করেছে অজয় রায়কে। এ ছাড়া ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর নাম হরিহর রায় সিংহ এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থীর নাম বিকাশ মণ্ডল। আগামী ৪ মে ভোটের ফলাফল জানা যাবে।

Advertisement

গত ২ এপ্রিল দিনহাটার তৃণমূল প্রার্থী হিসাবে উদয়ন মনোনয়ন জমা দিয়েছেন। ২০২১ সালেও তিনি এই কেন্দ্র থেকে লড়েছিলেন। দেখা যাচ্ছে, গত পাঁচ বছরে প্রায় ২ কোটি টাকার সম্পত্তি বেড়েছে তাঁর। উদয়নের নামে খুন-সহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগে মামলা ঝুলছে। তবে কোনওটিতেই তিনি দোষী সাব্যস্ত হননি।

অপরাধের রেকর্ড

উদয়নের নামে মোট দু’টি মামলা ঝুলে আছে। একটির ক্ষেত্রে ২০১৩ সালে কোচবিহারের সাহেবগঞ্জ থানায় এফআইআর দায়ের হয়েছিল। অন্যটির এফআইআর হয় ২০০৮ সালে, দিনহাটা থানায়। সাহেবগঞ্জের মামলাটিতে খুন, বিনা প্ররোচনায় আঘাত এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা যোগ করা হয়েছে। খুনের ধারা রয়েছে দিনহাটা থানার মামলাটিতেও। হলফনামা অনুযায়ী, ওই মামলায় তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় খুন, দাঙ্গা, অপরাধমূলক অনধিকার প্রবেশ, অবৈধ জমায়েত, পুলিশকে আক্রমণ, পুলিশের কাজে বাধা, দাঙ্গায় উস্কানি এবং খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে।

সরকারি সম্পত্তি সুরক্ষা আইন এবং শৃঙ্খলারক্ষা আইনেও মামলা হয়েছে উদয়নের নামে। তবে এখনও চার্জ গঠন করা হয়নি। ২০২১ সালের হলফনামাতেও উদয়নের নামে দু’টি মামলা ছিল। তখন তিনি জামিনে মুক্ত ছিলেন। শুনানির পরবর্তী তারিখও উল্লেখ করেছিলেন হলফনামায়।

সম্পত্তি ও অর্থ

৮০ হাজার ২৩০ টাকা নগদ হাতে নিয়ে ভোটের লড়াইয়ে নামছেন উদয়ন। তাঁর স্ত্রী শাশ্বতী গুহের হাতে নগদ আছে ৮ হাজার ১৬০ টাকা। লক্ষণীয় যে, ২০২১ সালের হলফনামাতেও উদয়নের স্ত্রীর হাতে একই পরিমাণ নগদ টাকা ছিল। বর্তমানে উদয়নের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪ কোটি ৫ লক্ষ ৫৫ হাজার ৩১১ টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তি রয়েছে ৩ কোটি ৫৬ লক্ষ ২২ হাজার ৯০৭ টাকার। উদয়নের স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৫ লক্ষ ২৮ হাজার ৪২২ টাকা। সল্টলেক এবং দিনহাটায় তাঁর বাড়ি আছে। তবে দিনহাটার বাড়িটি উত্তরাধিকার সূত্রে পাওয়া। স্থাবর এবং অস্থাবর মিলিয়ে এখন উদয়নের সম্পত্তি মোট ৪ কোটি ৪০ লক্ষ ৮৩ হাজার ৭৩৩ টাকা।

২০২১ সালে ৪ লক্ষ ৭৬ হাজার ১০০ টাকা হাতে নিয়ে ভোটে লড়তে নেমেছিলেন উদয়ন। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ২ কোটি ১৯ লক্ষ ৬৮ হাজার ৯৩৩ টাকা। তাঁর স্ত্রীরও ২ কোটি ৭৬ লক্ষ ৭৭ হাজার ১৩৭ টাকার অস্থাবর সম্পত্তি ছিল সেই সময়। এ ছাড়া, উদয়নের স্থাবর সম্পত্তির ছিল ৩৬ লক্ষ ২৮ হাজার ৪২২ টাকার। স্থাবর ও অস্থাবর মিলিয়ে পাঁচ বছর আগে তাঁর মোট সম্পত্তির মূল্য ২ কোটি ৫৫ লক্ষ ৯৭ হাজার ৩৫৫ টাকা। এখন তা আরও দু’কোটি বেড়ে গিয়েছে।

সম্পত্তির সঙ্গে সঙ্গে দেনাও বেড়েছে উদয়নের। ২০২১ সালে তাঁর এবং তাঁর স্ত্রীর মোট ঋণের পরিমাণ ছিল ৩ লক্ষ ৫২ হাজার ৬৯১ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৯ লক্ষ ২৭ হাজার ৯৫৯ টাকায়।

শিক্ষাগত যোগ্যতা

৭১ বছরের উদয়ন বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে স্নাতক পাশ করেছেন। হলফনামা অনুযায়ী, ১৯৭৫ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন দিনহাটা কলেজ থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন তিনি। পেশায় ব্যবসায়ী। তা থেকেই রোজগার। এ ছাড়া তাঁদের আয়ের অন্যতম উৎস ব্যাঙ্ক ও অন্যান্য খাতে বিনিয়োগের সুদ।

Advertisement
আরও পড়ুন