মনোনয়ন জমা দিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। —নিজস্ব চিত্র।
বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর মনোনয়নকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনা ছড়াল। অভিযোগ, বহমরপুরের মনোনয়ন কেন্দ্রের সামনে তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ এবং ‘জয় বাংলা’ স্লোগান তোলেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তৃণমূল কর্মীদের পাল্টা স্লোগান তোলেন কংগ্রেস কর্মীরাও। তার পরেই দুই দলের সমর্থকেরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। তবে পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হওয়ার আগেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে তা দ্রুত নিয়ন্ত্রণে আসে। মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসেন অধীর।
তিনি বলেন, ‘‘মনোনয়ন কেন্দ্রে তৃণমূলের গুন্ডাবাহিনী যে ধরনের কাজ করেছে, কংগ্রেস কর্মীরা তার উত্তর দিলে পরিস্থিতি অন্য রকম হত। বহরমপুর তো বটেই, সারা রাজ্যে তৃণমূল রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। যে কোনও মূল্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূল। কংগ্রেস সেই প্ররোচনায় পা দেবে না।’’
তৃণমূলের বিরুদ্ধে যখন অভিযোগ উঠতে শুরু করেছে, ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায় দাবি করেন, অধীর চৌধুরীকে ঘিরে কোনও রকম বিক্ষোভ দেখানো হয়নি। তাঁর পাল্টা অভিযোগ, কর্মীদের দিয়েই অধীর চৌধুরী একটা প্ররোচনা সৃষ্টি করেছিলেন। তৃণমূল প্রার্থী বলেন, ‘‘অধীর চৌধুরী বহরমপুরে এখন অতীত অধ্যায়। ভোটে কংগ্রেসের কোন প্রাসঙ্গিকতা নেই। মিথ্যে অভিযোগ করে যে কোনও ভাবে খবরে ভেসে থেকে প্রাসঙ্গিক হতে চাইছেন অধীর বাবু। এ ভাবে রাজনীতিতে কোনও লাভ হয় না।’’