BJP Leader Rakesh Kumar Singh

বিজেপি নেতা রাকেশের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট, বন্দর থেকে কি তিনিই প্রার্থী?

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কলকাতার ট্যাংরা এলাকা থেকে বিজেপি নেতা রাকেশকে গ্রেফতার করে পুলিশ। বিধান ভবনে (কংগ্রেস অফিস) ভাঙচুর ও তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৩:৫৬
Rakesh Kumar Singh

অন্তর্বর্তী জামিন পাওয়ার পরে রাকেশ সিংহের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ছবি পোস্ট করা হয়েছে।

অবশেষে বিজেপি নেতা রাকেশ সিংহের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি কৌশিক চন্দ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছেন।

Advertisement

অন্তর্বর্তী জামিন পেয়েই গাড়িতে বসা অবস্থায় একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন রাকেশ। ক্যাপশনে কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে নিশানা করেছেন তিনি। পুলিশকে একহাত নিয়ে লেখেন, ‘সত্যের জয় হয়েছে।’

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কলকাতার ট্যাংরা এলাকা থেকে বিজেপি নেতা রাকেশকে গ্রেফতার করে পুলিশ। বিধান ভবনে (কংগ্রেস অফিস) ভাঙচুর ও তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বিহারে রাহুল গান্ধীর মিছিলে ‘আপত্তিকর মন্তব্যের’ প্রতিবাদে এই হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন দক্ষিণ কলকাতার ওই বিজেপি নেতা। পরে পুলিশ যে চার জনকে গ্রেফতার করে, তাঁদের মধ্যে ছিলেন রাকেশের পুত্র শিবম সিংহও। রাকেশের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল এন্টালি থানায়।

এখন ভোটের মুখে রাকেশের জামিন মঞ্জুরের পর প্রশ্ন উঠেছে তাঁকে বিজেপি প্রার্থী করবে কি না। এখনও কলকাতা বন্দর বিধানসভায় তাদের প্রার্থীর নাম জানায়নি পদ্মশিবির।

সোমবার রাকেশের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্টে লেখা হয়েছে, ‘‘১৬৩ দিনের সংগ্রামের পর আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে দায়ের করা ১৬টি মিথ্যা মামলায় কলকাতা হাই কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে। আমি আগামিকাল, মঙ্গলবার সন্ধ্যায় জেল থেকে মুক্তি পাব এবং আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরছি।’’ তিনি আরও লেখেন, ‘‘এই কঠিন সময়ে, আমি বিজেপি পরিবারের সেই সমস্ত শ্রদ্ধেয় নেতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন— মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ দ্বিবেদী, পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুপ্রিম কোর্টের আইনজীবী বাঁশুরি স্বরাজ, হাই কোর্টের আইনজীবী রাজদীপ মজুমদার, আমার প্রিয় ভাই স্যামসন কোরিয়া এবং বিজেপির একনিষ্ঠ কর্মী— রবি দাস, রাহুল ভক্ত, প্রেম সিংহ, রিঙ্কু সিংহ, লক্ষ্মী সিংহ, বিজয় ধনুক আর সেই সমস্ত ব্যক্তি যাঁদের নাম হয়তো আমি উল্লেখ করতে ভুলে গিয়েছি, তাঁদের কৃতজ্ঞতা। এই সঙ্কটকালে আমার পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদের সকলকে প্রণাম জানাই এবং ধন্যবাদ দিই।’’ তিনি আরও লিখেছেন, ‘‘আমি কোনও নেতা নই…। আমি আপনাদের সেবক। সাহস ও দৃঢ়তার সঙ্গে আমি প্রতিজ্ঞা করছি যে, সে যেই হোক না কেন— নেতা বা গুন্ডা, প্রতিটি অন্যায়ের জবাবদিহি করতে হবে, প্রতিটি ষড়যন্ত্রের জবাব দিতে হবে এবং প্রতিটি অপকর্মের যথাযথ প্রতিকার করা হবে।’’

Advertisement
আরও পড়ুন