কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। —ফাইল চিত্র।
রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ, পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত এবং কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দের সঙ্গে বৈঠক করলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। বৃহস্পতিবার সকাল ১০টায় এই বৈঠক শুরু হয়। চলে সাড়ে ১০টা পর্যন্ত। বুধবারই এই বৈঠকের কথা জানা গিয়েছিল। নির্ধারিত সময়েই বৈঠক শুরু হয় বৃহস্পতিবার।
বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর পর শুক্রবার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকদের সঙ্গে হাই কোর্টের প্রধান বিচারপতির বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। তবে তা ছিল অসম্পূর্ণ। ওই তালিকায় ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জনের নাম ‘যোগ্য’ হিসাবে রয়েছে। ‘বিবেচনাধীন’ ভোটার রয়েছেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। কমিশন সূত্রে খবর, বুধবার পর্যন্ত ২৩ লক্ষ ৩০ হাজার বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এই কাজের গতি আগের চেয়ে বেড়েছে। হাই কোর্ট নিযুক্ত ৭০০-র বেশি বিচারবিভাগীয় আধিকারিক এই কাজ করছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতর সূত্রে জানা গিয়েছে, এই গতিতে কাজ চললে ভোটের আগে সমস্ত বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হয়ে যেতে পারে।
বিবেচনাধীনদের প্রথম তালিকা প্রকাশ হওয়ার পর বেশ কিছু নাম বাদ যেতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের। ওই মহলের একাংশ মনে করছে, অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যের কোথাও কোথাও আইনশৃঙ্খলাজনিত সমস্যা দেখা যেতে পারে। বিষয়টি সম্পর্কে সতর্ক প্রশাসনও। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্যের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা করলেন হাই কোর্টের প্রধান বিচারপতি।