এরিনা সাবালেঙ্কা (বাঁ দিকে) ও ইয়ানিক সিনার। ছবি: এক্স।
চলতি মাসের ২৪ তারিখ থেকে শুরু ফরাসি ওপেন। তার কয়েক সপ্তাহ আগে সমস্যায় পড়েছেন ফরাসি ওপেন কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করেছেন ইয়ানিক সিনার, এরিনা সাবালেঙ্কার মতো শীর্ষ তারকারা। তাঁদের অভিযোগ, প্রতিযোগিতা থেকে যে পরিমাণ লাভ হয়, তার খুব সামান্যই পুরস্কারমূল্য হিসাবে পান তাঁরা। পুরস্কারমূল্য না বাড়ালে ফরাসি ওপেন বয়কটের হুমকিও দিয়েছেন সাবালেঙ্কা, সিনার।
একটি বিবৃতিতে নিজেদের অভিযোগ জানিয়েছেন সাবালেঙ্কারা। শুধু সিনার বা সাবালেঙ্কা নন, আরও অনেক টেনিস খেলোয়াড়ের একই দাবি। তাঁরা জানিয়েছেন, যদি এ বার ফরাসি ওপেনে পুরস্কারমূল্য বাড়ানো না হয়, তা হলে প্রতিযোগিতা থেকে নাম তুলে নেবেন তাঁরা।
গত বছরের তুলনায় এ বার ফরাসি ওপেনে পুরস্কারমূল্য বেড়েছে ১০ শতাংশ বা ৫৯ কোটি টাকা। এ বার সব খেলোয়াড়েরা মোট পুরস্কারমূল্য বাবদ পাবেন ৬৮৫ কোটি টাকা। কিন্তু খেলোয়াড়দের দাবি, এই প্রতিযোগিতা থেকে গত বছর ৪৩৮২ কোটি টাকা আয় করেছিলেন ফরাসি ওপেন কর্তৃপক্ষ। এ বার সেই টাকার অঙ্ক বেড়ে ৪৪৩৮ কোটি টাকা হবে। তার মাত্র ১৫ শতাংশ খেলোয়াড়দের দেওয়া হচ্ছে। এই বৈষম্যেরই অভিযোগ করেছেন সাবালেঙ্কারা।
গত বছর ফরাসি ওপেনজয়ী খেলোয়াড় পেয়েছিলেন ৩০ কোটি টাকা। রানার্স পেয়েছিলেন ১৫ কোটি টাকা। সেমিফাইনালে ওঠা বাকি দুই খেলোয়াড় পেয়েছিলেন ৮ কোটি টাকা করে। যাঁরা প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলেন তাঁরা পেয়েছিলেন ৯৬ লক্ষ টাকা করে। এই অঙ্ক বেশ কম বলেই দাবি সাবালেঙ্কাদের।
ইটালিয়ান ওপেন চলাকালীন নিজেদের দাবির কথা বলেছেন সাবালেঙ্কা। মহিলাদের সিঙ্গলসে এক নম্বর তারকা বলেন, “আমাদের ছাড়া তো প্রতিযোগিতাই হবে না। তা হলে দর্শকেরা বিনোদনও পাবেন না। তাই আমাদের মতে, খেলোয়াড়দের আরও বেশি টাকা পাওয়া উচিত।” সাবালেঙ্কা জানিয়েছেন, কড়া পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন তাঁরা। বেলারুশের তারকা বলেন, “একটা সময়ে আমাদের কড়া পদক্ষেপ করতেই হত। আমার মনে হয়, এটাই সঠিক সময়।”
ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ওপেনে খেলোয়াড়দের পুরস্কারমূল্য ১৬ শতাংশ বেড়েছে। ইউএস ওপেনেও পুরস্কারমূল্য বেড়েছে ২০ শতাংশ। কিন্তু ফরাসি ওপেনে তা দেখা যাচ্ছে না। সেই কারণেই হঁশিয়ারি দিয়েছেন সাবালেঙ্কারা।