salil ankola

মায়ের মৃত্যুতে বিপর্যস্ত, মানসিক সমস্যায় ভুগছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার, পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয়েছিল সচিনের সঙ্গে

একসময় দেশের অন্যতম সেরা প্রতিভা ছিলেন। খেলা ছেড়ে দেওয়ার পর কোচ এবং নির্বাচকের দায়িত্বও সামলেছেন। মুম্বইয়ের সেই প্রাক্তন ক্রিকেটার সলিল আঙ্কোলা ভুগছেন মানসিক সমস্যায়। কী হয়েছে তাঁর?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৭:০৬
cricket

সচিনের সঙ্গে সলিল। — ফাইল চিত্র।

একসময় দেশের অন্যতম সেরা প্রতিভা ছিলেন। খেলা ছেড়ে দেওয়ার পর কোচ এবং নির্বাচকের দায়িত্বও সামলেছেন। মুম্বইয়ের সেই প্রাক্তন সলিল আঙ্কোলা ভুগছেন মানসিক সমস্যায়। চিকিৎসার জন্য সম্প্রতি তাঁকে একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হতে হয়েছে। সলিল যে ডিপ্রেশনে ভুগছেন তা জানিয়েছেন তাঁর স্ত্রী। ২০২৪-এ মায়ের মৃত্যুর পর থেকেই এই সমস্যা শুরু হয়েছে তাঁর।

Advertisement

সলিলের স্ত্রী রিয়া ‘টাইমস অফ ইন্ডিয়া’কে বলেছেন, “হ্যাঁ, সলিল ডিপ্রেশনে ভুগছে। দু’সপ্তাহ আগে পুণের কাছে একটা মানসিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে ওকে। ২০২৪-এর অক্টোবরে মাকে হারানোর পর থেকে প্রচণ্ড মানসিক সমস্যায় ভুগছে সলিল। কিছুতেই মায়ের চলে যাওয়া মেনে নিতে পারছে না। সম্প্রতি অকারণে ভেঙে পড়ছিল সলিল। মাঝেমাঝেই অসুস্থ হয়ে পড়ছিল। তাই নিজেই একটা ভাল জায়গায় এবং শান্তিপূর্ণ পরিবেশে থেকে সুস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

রিয়া আরও বলেছেন, “ও পুরোপুরি ভেঙে পড়ার আগে চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছে, এতে পরিবার হিসাবে আমরা খুশি। ও ধীরে ধীরে সুস্থ হচ্ছে, শরীরচর্চা করছে এবং দ্রুত নিজের প্রথম প্রেম ক্রিকেটে ফিরতে পারবে বলে আশাবাদী। সলিল বরাবরই লড়াকু। আগের থেকেও শক্তিশালী হয়ে ফিরবে।”

ভারতের হয়ে ১৯৮৯ থেকে ১৯৯৭-এর মধ্যে একটি টেস্ট এবং ২০টি এক দিনের ম্যাচ খেলেছেন সলিল। থুতনিতে টিউমার ধরা পড়ার কারণে তাঁকে অকালে খেলা ছাড়তে হয়। এর পর তিনি অভিনয়ে মনোনিবেশ করেন। ১৯৮৯ সালে পাকিস্তানে সচিন তেন্ডুলকরের সঙ্গে একই টেস্টে অভিষেক হয়েছিল সলিলের। সেই ম্যাচে পাকিস্তানের হয়ে অভিষেক হয়েছিল ওয়াকার ইউনিসের। সলিল ম্যাচে দু’টি উইকেট পেয়েছিলেন।

ঘরোয়া ক্রিকেটে সলিল খেলেছেন মহারাষ্ট্রের হয়ে। ৫৪টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ১৮১টি উইকেট পেয়েছেন। লিস্ট এ ক্রিকেটে ৭৫টি ম্যাচে ৭০টি উইকেট রয়েছে।

Advertisement
আরও পড়ুন